তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সোস্যাল মিডিয়াতে সরকারের ত্রুটি নিয়ে সমালোচনা করলেও উসকানি না দেয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘সোস্যাল মিডিয়াতে আমাদের নিয়ে সমালোচনা করেন সহ্য করব। ত্রুটি নিয়ে কথা বলুন আমরা সংশোধন করে নেবো, কিন্তু উসকানি দেবেন না। জঙ্গিবাদ, আগুন সন্ত্রাস ও যুদ্ধাপরাধীদের পক্ষে উকালতি করবেন না।’
সোমবার বিকেলে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট আয়োজিত বিশ্ব বসতি দিবস উপলক্ষে ‘গৃহায়ন ও নির্মাণ প্রযুক্তি প্রদর্শনী-২০১৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি দেশকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছেন। তাই আমাদের এখন আর ভয় নেই। সবার হাতে যখন ল্যাপটপ ও মোবাইল এসে গেছে তখন দেশ উন্নয়নের পথেই চলবে। আমরা জলবায়ুর অভিঘাত মোকাবেলা করে বাংলাদেশকে রক্ষায় যতটুকু সাফল্য পেয়েছি জাতিসংঘ ইতোমধ্যে এর স্বীকৃতি দিয়েছে।’

