চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৫%

S M Ashraful Azom
আন্তর্জাতিক মুদ্রা তহবিল
চলতি (২০১৫-১৬) অর্থবছরে মোট উৎপাদনে (জিডিপি) ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। যা উদীয়মান ও উন্নয়নশীল এশিয়ার ২৯টি দেশের গড় প্রবৃদ্ধির সমান। বুধবার আইএমএফ প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ২০১৫’ শীর্ষক প্রতিবেদনে এ কথা বলা হয়।
 
আইএমএফ বলেছে, রাজনৈতিক অস্থিরতা কিছুটা কমে যাওয়া, নিম্নমুখী ব্যাংক সুদের হার ও স্থিতিশীল বিনিময় হার বিরাজমান থাকলেও প্রবৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে উচ্চমূল্যস্ফীতি ঝুঁকি হিসেবে রয়ে গেছে। তাই সরকার ঘোষিত ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়।
 
সংস্থাটির এ পূর্বাভাসের সঙ্গে তিনদিন আগে প্রকাশিত বিশ্বব্যাংকের পূর্বাভাসের অনেকটা মিল পাওয়া যাচ্ছে। যদিও বিশ্বব্যাংক গত জুনে ৬ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল।
 
চলতি অর্থবছরের ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে মূল্যস্ফীতির বাধা ছাড়াও বেশকিছু দুর্বলতা দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে আইএমএফ। এর মধ্যে রয়েছে— গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতের উন্নয়নে ধীরগতি, জমি প্রাপ্যতা নিশ্চিত না করা, আর্থিক খাতে ঝুঁকি মোকাবেলা ব্যবস্থাপনার উন্নয়ন না হওয়া, রাজস্ব আহরণে দুর্বলতা, জ্বালানি ও বিদ্যুৎ-সংক্রান্ত কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন না হওয়া এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দুর্বলতা। 
 
তাই আর্থিক, জ্বালানি, রাজস্ব ও প্রশাসনিক খাতগুলোর দুর্বলতা মোকাবেলার মাধ্যমে মধ্যমেয়াদে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা আরো শক্তিশালী করা গেলে ২০১৬-১৭ অর্থবছরেও অর্থনীতি মোটামুটি স্থিতিশীল থাকবে এবং ৬ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে জানায় সংস্থাটি। যদিও বিশ্বব্যাংকের পর্যবেক্ষণে আগামী অর্থবছরে ৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে জানানো হয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top