চট্টগ্রামে মা ও মেয়ে খুনের ঘটনায় দুইজনকে মৃত্যুদণ্ডাদেশ ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মহিতুল হক এনাম চৌধুরী গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। দণ্ডিতরা হলেন- খুন হওয়া এসএসসি পরীক্ষার্থী সায়মা নাজনীন নিশাতের কথিত প্রেমিক আবু রায়হান আরজু (২৩) ও তার ভাড়া করা খুনি শহীদ (২৭)। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান এসব তথ্য জানান। বাদী রেজাউল করিম রায় শুনে কান্না জড়িত কণ্ঠে বলেন— এখন একটাই দাবি দ্রুত খুনিদের ফাঁসি কার্যকর।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৪ মার্চ নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার যমুনা ভবনের চতুর্থ তলায় নিজ বাসায় খুন হন ব্যবসায়ী রেজাউল করিমের স্ত্রী রেজিয়া বেগম (৫০) ও তার মেয়ে নিশাত (১৬)। বাদী পক্ষের আইনজীবী আবদুস সাত্তার জানান, নিশাত প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় রায়হান ভাড়াটে খুনি শহীদের সহায়তায় বাসায় ঢুকে তাদের কুপিয়ে হত্যা করে। রায়হান এক পুলিশ কনস্টেবলের সন্তান। আর শহীদ খুলশী এলাকার একটি রেস্ট হাউজের গাড়িচালক। গত বছর ২৫ মে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। আট পৃষ্ঠার অভিযোগপত্রে রায়হান ও শহীদকে অভিযুক্ত করে ৩৭ জনকে সাক্ষী করা হয়। ৪ আগস্ট মহানগর দায়রা জজ আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। পরবর্তীতে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। মোট ৩০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত গতকাল এ রায় ঘোষণা করে।

