সেবা ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন পার্বত্য নৃ-গোষ্ঠী মুরং সম্প্রদায়ের সশস্ত্র দল ম্রো ন্যাশনাল ডিফেন্স পার্টির (এমএনডিপি) সদস্যরা। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে বান্দরবানের আলী কদম উপজেলায় কুবুকপাতা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আত্মসমর্পণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর। আত্মসমর্পণ করা এমএনডিপি কর্মীদের পুনর্বাসনে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হয়। সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সফিকুর রহমান বলেন, এমএনডিপি এখন শান্তির পথে এসেছে। স্বাভাবিক জীবনে ফিরে যেতে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, এমএনডিপির সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরে আসায় সবাই খুশি। তাঁদের পুনর্বাসনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার, সবই সরকার করবে। এমএনডিপির কমান্ডার মেনরুম বলেন, “স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরে আমরা খুশি।” মুরংদের অধিকার ও সংস্কৃতি রক্ষায় এ দল গঠন করা হয়েছিল বলে তিনি জানান। গত মঙ্গলবার ও গতকাল বুধবার এমএনডিপির ৭৯ জন সদস্য বান্দরবান সেনা ক্যাম্পে ৫৫টি দেশীয় অস্ত্র জমা দেন। আজ আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করেন। মুরং সম্প্রদায়ের এই দলটি গঠিত হয় ২০০৯ সালে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল।
