জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, “শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এর মাধ্যমে জ্ঞানের প্রতিটি শাখায় প্রতিনিয়ত যে পরিবর্তন, সংযোজন, উদ্ভাবন হচ্ছে শিক্ষকরা সেই জ্ঞান আহরণ করে নিজেদেরকে সমৃদ্ধ করার সুযোগ লাভ করেন। প্রতিষ্ঠার সময় থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কর্মকাণ্ডের মধ্যে কলেজ শিক্ষকদের প্রশিক্ষণের উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে।’’
বৃহস্পতিবার দুপুরে একাডেমিক ভবনের সিনেট হলে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান ও মনোবিজ্ঞান বিষয়ে ৯৬তম ব্যাচের শিক্ষক-প্রশিক্ষণার্থীদের কোর্স সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আসলাম ভূঁইয়া, অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ ও কোর্স উপদেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. আবুল হোসেন ও মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. শামসুদ্দীন ইলিয়াস।

