ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, সরকার দেশে ১০ হাজার গৃহহীন পরিবারের ৬০ হাজার মানুষের জন্য সুদৃশ্য ঘর নির্মাণের কাজ শুরু করেছে। গৃহহীন পরিবার ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারকে পুনর্বাসনের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়ন,-পৌর এলাকা ও ছলিমপুরের বড়ইচারা গ্রামে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক নির্মিত নতুন পাকা বাড়ি হস্তান্তর শেষে ছলিমপুরের বড়ইচারা গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ২০০৯-২০১৩ সময়ে সরকার বিনামূল্যে জমিসহ ঘর নির্মাণ করে ৬০ হাজার গৃহহীন মানুষকে পুনর্বাসন করেছে। এবারও সরকার তা অব্যাহত রেখেছে। তবে আগামী ২০২০ সালের মধ্যে ৫ লাখ গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাই করে দেয়ার পরিকল্পনা সরকারের রয়েছে বলে মন্ত্রী জানান।

