মানহানির অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল প্রিয় ডটকমের রিপোর্টার মাহমুদুল্লাহ ও সম্পাদক জাকারিয়া স্বপনের বিরুদ্ধে মামলা করেছেন চিত্র নায়িকা পরীমনি। বুধবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে হাজির হয়ে তিনি মামলা দায়ের করেন।
বিচারক পরীমনির মুখে অভিযোগের বক্তব্য শোনার পর রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগের তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলায় পরীমনি উল্লেখ করেন, প্রিয় ডটকমের বিনোদন রিপোর্টার মাহমুদুল্লাহ তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশের জন্য বক্তব্য নিতে একদিন দেখা করেন। এরপর সে ইতিবাচক প্রতিবেদন প্রকাশের কথা বলে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু পরীমনি তা দিতে অস্বীকার করায় ওই রিপোর্টার তাঁর ফিল্মি ক্যারিয়ার ধ্বংস করে দেয়ার হুমকি দেন। পরবর্তী সময়ে গত ১৭ নভেম্বর আসামি মাহমুদুল্লাহ আরেক আসামি জাকারিয়া স্বপনের সহযোগিতায় প্রিয় ডটকমে পরীমনি সম্পর্কে একটি মানহানিকর প্রতিবেদন প্রকাশ করেন। ওই প্রতিবেদনে বলা হয় পরীমনি ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করেন, তিনি নাইট ক্লাবে গিয়ে বন্ধুদের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটান এবং এক সংসদ সদস্যের জোরে তিনি কাউকে পরোয়া করেন না। যা প্রকাশের মাধ্যমে আসামিরা বাদিনীর মানহানি করেছেন। যা টাকায় ১০ কোটি টাকারও বেশি।

