মংলা বন্দরের কাছে পশুর নদীতে ডুবে যাওয়া কয়লা বোঝাই লাইটার জাহাজের উদ্ধার কাজ শুরু হয়েছে। মালিক পক্ষের নিয়োগকৃত নারায়ণগঞ্জের ভাই ভাই স্যালভেজ নামে বেসরকারি একটি প্রতিষ্ঠান শুক্রবার সকাল থেকে এ উদ্ধার কাজ শুরু করে।
স্যালভেজ-এর ম্যানেজার মাহবুবুর রহমান জানান, ডুবুরি দলসহ প্রথম পর্যায়ের উদ্ধার কাজে ১৪ জন কর্মী কাজ করছে। শনিবার এমভি তানজিল নামের বড় একটি নৌযান আসলেই তারা কয়লা উত্তোলনের কাজ শুরু করবে। তাদের ডুবুরিরা লাইটারটিকে ওয়্যার রোপ দিয়ে তীরের সঙ্গে বেঁধে রেখেছে যাতে জোয়ার ভাটার টানে ডুবন্ত জাহাজটি সরে যেতে না পারে।
উদ্ধার কাজে নিয়োজিত ডুবুরিরা জানিয়েছেন, লাইটারে থাকা কয়লার উপরে কিছুটা পলি পড়েছে। তবে এতে তেমন কোন সমস্য হবে না। একটানা কাজ করতে পারলে আগামী ১৫ দিনের মধ্যে লাইটারে থাকা কয়লা এবং সেই সঙ্গে জাহাজটি পুরোপুরি উত্তোলন করা সম্ভব হবে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই স্টেশন কর্মকতা মতিউর রহমান জানান, পরিবেশের ক্ষতির দিক বিবেচনায় নিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বনবিভাগ। কয়লা উত্তোলনের সময় যাতে পানিতে তা মিশে না যায় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। এমভি জিয়ারাজ নামের এ লাইটার জাহাজটি ডুবো চরে আটকে তলা ফেটে গত ২৭ নভেম্বর রাতে ৫১০ মেট্রিক টন কয়লাসহ সুন্দরবন সংলগ্ন জয়মনির ঘোল এলাকায় পশুর নদীতে ডুবে যায়। ঘটনার ১১ দিন পর মালিক পক্ষের উদ্যোগে উদ্ধার তত্পরতা শুরু হয়।

