বগুড়া জেলায় শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গতকাল শুক্রবার ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এক টুইট বার্তায় শিয়া মসজিদে হামলায় শোক ও নিন্দা জানান। তিনি বলেন, শিয়া মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। হামলায় আক্রান্তদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান তিনি। তিনি বলেন, আমরা আশা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। বার্নিকাট আরো বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহিষ্ণুতার দীর্ঘ ঐতিহ্যকে যুক্তরাষ্ট্র শ্রদ্ধা করে। এ ধরনের যেকোন সন্ত্রাসী হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সব সময় বাংলাদেশের পাশে থাকবে।
অন্যদিকে, ঢাকায় ব্রিটিশ রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের ডিন রবার্ট ডব্লিউ গিবসন এক বিবৃতিতে শিয়া মসজিদে গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হওয়ার ঘটনায় শোক ও নিন্দা প্রকাশ করেন। তিনি বলেন, বগুড়ায় মসজিদে নামাজের সময় বর্বর হামলার কথা শুনে আমি নিজেই হতভম্ব হয়েছি। মানুষের ইবাদত-বন্দেগীর সময় এ রকম হামলার কোনো যৌক্তিকতা নেই। আমি হতাহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি।
তিনি আরো বলেন, এই হামলা বাংলাদেশে চরমপন্থী জঙ্গিদের সর্বশেষ ধারাবাহিক হামলা। সাম্প্রতিক সময়ে প্যারিস, মালি, বৈরুতে একই ধরনের হামলা ও হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে এ ধরনের হামলা থেকে কোনো দেশই নিরাপদ নয়। এ ধরনের হুমকি ও হামলাকারীদের সমূলে নির্মূলে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে নামাজের সময় শিয়া মসজিদে গুলি চালানো হয়। এই ঘটনায় মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন মারা যান, আর আহত হন মসজিদের ইমামসহ তিনজন। গত দুই মাসেরও কম সময়ের মধ্যে শিয়াদের ওপর এটি দ্বিতীয় হামলার ঘটনা।

