সেবা ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান রাশিয়াকে ‘আগুন নিয়ে না খেলার’ হুঁশিয়ারি দিয়েছেন। আজ শুক্রবার উত্তর-পূর্ব তুরস্কের বেইবার্তে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। সিরিয়া সীমান্তে তুরস্কের গুলিতে রাশিয়ান যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা নিয়ে ঠাণ্ডা লড়াইয়ে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
তবে আঙ্কারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায় না বলেও উল্লেখ করেন তুর্কি প্রেসিডেন্ট। বিমান ভূপাতিতের ঘটনা নিয়ে এরদোগানের এ মন্তব্য দুই দেশের সম্পর্কে আরও ফাটল ধরাতে পারে বলে মনে করা হচ্ছে। ওই ঘটনায় মস্কো এরই মধ্যে আঙ্কারার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। তবে এরদোগান সে হুমকিকে ‘আবেগিক’ ও ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমরা খুব আন্তরিকতার সঙ্গে রাশিয়াকে আগুন নিয়ে না খেলার পরামর্শ দিচ্ছি। রাশিয়ার সঙ্গে আমরা অনেক বিষয়ে সম্পর্কিত। আমরা চাই না সে সম্পর্ক কোনো কারণে ক্ষতিগ্রস্ত হোক।
প্রসঙ্গত, গত সোমবার বিমান ভূপাতিতের ঘটনায় তুরস্ক দুঃখ প্রকাশ করেনি। বরং আঙ্কারা বলেছে, সার্বভৌমত্ব রক্ষার অধিকার তাদের রয়েছে। আর নিয়মনীতি মেনেই বিমানটি ভূপাতিত করা হয়েছে বলে উল্লেখ করেছে দেশটি।
