
আইসিইউতে থাকা এক নারী রোগীকে যৌন হয়রানির ঘটনায় দায়েরকৃত মামলার আসামি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নার্স সাইফুল ইসলামকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।গতকাল সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চে পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাজির হয়ে এসব তথ্য জানান। এরপর হাইকোর্ট আগামী ৬ জানুয়ারি এই মামলার সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয়।
ইলেকট্রনিক মিডিয়া ও জাতীয় দৈনিকে ইউনাইটেড হাসপাতালের এক নারী রোগীর উপর যৌন হয়রানির ঘটনা নিয়ে সংবাদ প্রচারিত ও প্রকাশিত হলে তার ভিত্তিতে গত বৃহস্পতিবার হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করে। একইসঙ্গে সাইফুলকে গ্রেফতার করে সোমবার হাইকোর্টে হাজির করার জন্য গুলশান থানার পুলিশকে নির্দেশ দেয়। হাইকোর্টের এই আদেশের পরদিন ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ উদ্যোগী হয়ে সাইফুলের বিরুদ্ধে মামলা দায়ের করে।
এছাড়া হাইকোর্টের নির্দেশ মোতাবেক গতকাল সকাল সাড়ে ১০টায় গুলশান জোনের পুলিশের সহকারী কমিশনার রফিকুল ইসলাম ও গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম আদালতে হাজির হন। এ পর্যায়ে আদালত পুলিশ কর্মকর্তাদের কাছে সাইফুলকে গ্রেফতারের বিষয়ে জানতে চান? জবাবে পুলিশের এসি বলেন, তাকে এখনো খুঁজে পাইনি, গ্রেফতারের জন্য অভিযান চলছে। আদালত বলেন, এ বিষয়ে সর্বশেষ অগ্রগতি কি হয় তা ৬ জানুয়ারি আদালতকে অবহিত করবেন। যদি এর আগেই তাকে গ্রেফতার করতে পারেন তাহলে আদালতে হাজির করবেন। শুনানিকালে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস আদালতে উপস্থিত ছিলেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।