‘ঘুষ’কেলেঙ্কারিতে এফবি আইয়ের জালে ব্ল্যাটার

Unknown
সেবা ডেস্ক: আর কোন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া বাকি সেপ ব্ল্যাটারের! বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ইনভেস্টিগেটিং ব্যুরোর (এফবি আই) কাছে এই মুহূর্তে ১০০ মিলিয়ন ডলার ঘুষ আদান-প্রদানের একটি প্রমাণ আছে, যা পুরোপুরি ফিফার সাবেক সভাপতির জ্ঞাতসারে সংঘটিত হয়েছিল।
ঘটনাটা নব্বইয়ের দশকের। ক্রীড়া বিপণন সংস্থা আইএসএল তখন মরিয়া বিশ্ব ফুটবলের বিভিন্ন আয়োজনের টেলিভিশন সত্ত্বের মালিকানা পেতে। সে লক্ষ্যে তারা ফিফার সাবেক সভাপতি জোয়াও হ্যাভালাঞ্জ ও ফিফার শীর্ষ কর্মকর্তা রিকার্ডো টিসেইরাকে প্রায় ১০০ মিলিয়ন ডলার ঘুষ প্রদান করে। বিনিময়ে প্রতিষ্ঠানটি টেলিভিশন সত্ত্ব পেয়ে যায় খুব সহজেই।
বিবিসি জানিয়েছে এফবি আইয়ের ভাষ্য অনুযায়ী এই আর্থিক লেনদেনের বিষয়টি পুরোপুরিই সেপ ব্ল্যাটার জানতেন। গোয়েন্দা সংস্থাটি তাদের দাবির স্বপক্ষে জোয়াও হ্যাভালাঞ্জের একটি চিঠির কথাও বলেছে। বিবিসির প্যানারোমা অনুষ্ঠানের উপস্থাপক অ্যান্ড্‌রু জেনিংসের কাছেও সেই চিঠির একটি কপি আছে। সেই চিঠিতে হ্যাভালাঞ্জ লিখেছেন আইএসএলের সঙ্গে কোনো লেনদেনই ব্ল্যাটারের অজ্ঞাতসারে হয়নি। ঘটনার আগাগোড়াই ব্ল্যাটার নাকি তাঁর সঙ্গে ছিলেন।
১৯৯৮ সালে এই হ্যাভালাঞ্জের উত্তরসূরি হিসেবেই ফিফার সভাপতির চেয়ারে বসেছিলেন ব্ল্যাটার। এর আগে দীর্ঘ সময় ধরে ব্ল্যাটার ছিলেন হ্যাভালাঞ্জের খুব কাছের লোক।
এই অভিযোগের ব্যাপারে বিবিসি ব্ল্যাটারের সঙ্গে কথা বলতে চাইলে ব্ল্যাটার তাতে রাজি হননি। গত অক্টোবরে বিভিন্ন কেলেঙ্কারি তদন্তের স্বার্থে ফিফার এথিকস কমিটি ব্ল্যাটারকে ৯০ দিনের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে বহিষ্কার করে। আগামী ফেব্রুয়ারিতে ফিফার সভাপতি পদে নতুন নির্বাচন হওয়ার কথা। সূত্র: এএফপি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top