শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, পুলিশ মোতায়েন

S M Ashraful Azom
0

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে মারপিটের জের ধরে শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে প্রায় এক ঘন্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী বদিউজ-জামান বাদলকে (৩০) যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে ক্যাম্পাস এলাকায় এ ঘটনা ঘটে।
 
এ সময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে মূল ফটকের পাশের একটি দোকান ঘর ও একটি মটর সাইকেল জ্বালিয়ে দিয়েছে। রাতে ক্যাম্পাস এলাকায় ৩৫ জন পুলিশ মোতায়েন করা  হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আশপাশের অন্তত ৫শ শিক্ষার্থী বিভিন্ন ছাত্রবাসে থাকেন। ঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানিয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার বলেন, বিষয়টি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। আগামীকাল (শনিবার) এ বিষয়ে বৈঠক করে তদন্ত কমিটি গঠনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওযা হবে।
 
বিশ্ববিদ্যালয়ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী বাদলের ভাই শরীফ দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে উত্যক্ত করে। ওই ছাত্রী বিষয়টি বৃহস্পতিবার তার সহপাঠীদের জানায়। ওই ছাত্রীর সহপাঠীরা এ ঘটনার প্রতিবাদ করলে শরীফ ক্ষিপ্ত হয়ে অনুজীব বিজ্ঞান বিভাগের এক ছাত্রকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মশিয়ুর রহমান হলের ছাত্ররা সমাবেশ করে।
 
এরপর তারা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী বাদলকে ডেকে ঘটনার প্রতিবাদ জানায়। এতে বাদল ক্ষিপ্ত হলে কথা কাটাকাটির একপর্যায়ে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে বাদলকে মারপিট করে। এ সময় ছাত্ররা বাদলের ব্যবহৃত মটরসাইকেলে আগুন দেয়। খবর ছড়িয়ে পড়লে বাদলের আত্মীয় স্বজনেরা লাঠিসোটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলা করে। শিক্ষার্থীরাও পাল্টা ধাওযা দেয়। এ সময় প্রশাসনিক ভবনের জানালার কাচ ভংচুর করা হয়েছে।
 
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি শিকদার আক্কাছ আলী বলেন, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামবাসীর ছোড়া ইটের আঘাতে বিশ্ববিদ্যালয়ের সোনালী ব্যাংকের এক আনছার সদস্য আহত হয়েছেন। ছাত্রদের আঘাতে বিশ্ববিদ্যালয়ের চালক সাহেব আলী ও কর্মচারি জাহিদ হাসান আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top