হেট স্টোরি ৩ এর ট্রেলারেই আলোড়ন শুরু হয়েছিল, এবার বক্স অফিসে ঝড় তুলেছে মাত্র ১৩.২ কোটি রুপি বাজেটের এই সিনেমা। ছবিটি মুক্তির দুই দিনেই ১৭ কোটি ৭৭ লক্ষ রূপি আয় করেছে সিনেমাটি।
শুক্রবার মুক্তি পাওয়া এই সিনেমা প্রথম দিনে ৯.৭২ কোটি রূপি আয় করে। দ্বিতীয় দিনে আয় করেছে ৮.০৫ কোটি রূপি। এই আয় স্বাভাবিক ভাবেই প্রযোজক, পরিচালক-সহ গোটা টিমের প্রত্যাশা অনেকটাই বাড়িয়ে দিল। এর আগে হেট স্টোরি ২ মুক্তির প্রথম দিনের আয় ছিল ৫ কোটি ৪৬ লক্ষ টাকা।
হেট স্টোরি সিরিজের আগের দুই ছবির সঙ্গে এবারের গল্পটা বেশ ভিন্ন। ওই ছবি দুটিতে ছবির নায়িকা কোনও না কোনও ভাবে আক্রান্ত বা প্রতারিত। যার প্রতিশোধ নেওয়ার চেষ্টাতেই চিত্রনাট্য এগিয়েছে। কিন্তু হেট স্টোরি ৩ সে পথে হাঁটেনি। এই ছবিতে কর্পোরেট রেষারেষি যেমন আছে, তেমনই যৌন আবেদনে ভরা ত্রিমুখী টানাপড়েনও আছে। এ সবের সঙ্গে দুই পুরুষের আত্মমর্যাদার দ্বন্দে মিলেমিশে একটি টানটান উত্তেজনাময় থ্রিলার হেট স্টোরি সিরিজের এই তৃতীয় ছবিটি।
এই ছবিতে মুম্বাইয়ের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আদিত্য দিওয়ানের চরিত্রে রয়েছেন শরমন যোশী। আদিত্যর স্ত্রী সিয়ার ভূমিকায় জারিন খান এবং এই গল্পের যাবতীয় রেষারেষি, ত্রিমুখী যৌন আবেদন যার জন্য সেই সৌরভ সিংহানিয়ার চরিত্রে রয়েছেন কর্ণ সিংহ গ্রোভার। যৌন আবেদনময়ী একটি চরিত্রে অভিনয় করেছেন ডেইজি শাহ।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।