সেবা ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার বিকালে সমাবর্তনে সভাপতিত্ব করবেন বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সমাবর্তনের তথ্য ও প্রচার উপ-কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক জানান, সমাবর্তনে ২০১২ সালের ১৬ অক্টোবর থেকে এবছরের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীদের সনদ ও রাষ্ট্রপতি স্বর্ণপদক দেয়া হবে।
এক হাজার ৫৬৪ জন স্নাতক, ৩২ জন স্নাতকোত্তর, চারজন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ও তিনজন পিএইচপি ডিগ্রি অর্জনকারীকে সনদ এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চারজনকে রাষ্ট্রপতি স্বর্ণপদক দেয়া হবে বলে জানান জানান তিনি।
মশিউল হক বলেন, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য জামিলুর রেজা চৌধুরী সমাবর্তন বক্তা ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আব্দুল মান্নান বিশেষ অতিথি হিসেবে সমাবর্তনে উপস্থিত থাকবেন। এছাড়া চুয়েট উপাচার্য মো. জাহাঙ্গীর আলম, উপ-উপাচার্য মোহাম্মদ রফিকুল আলমও অনুষ্ঠানে বক্তব্য দেবেন। সমাবর্তনে দেশি-বিদেশি প্রায় তিন হাজার অতিথি যোগ দেবেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।