সেবা ডেস্ক: ভারতীয় ক্রিকেটের সাথে বলিউডের সম্পর্কটা বেশ পুরনো। আর তার জের ধরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দেখা যাচ্ছে শাহরুখ খান কিংবা প্রীতি জিনতাদের।এবার প্রশ্ন হল, আইপিএলে শাহরুখ খানের দল থাকলে সালমানের দল থাকবে না কেন? – এই প্রশ্নের উত্তর খোদ সালমান খানই দিলেন। তার মতে গোটা বলিউড আইপিএলে দল কিনে ফেললে, লড়াইটা আর শুধু ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।
বললেন, ‘সন্দেহ নেই, খেলাধুলাকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা ভাল একটা উপায় হতে পারে। তবে, যখন এটা সালমানের দল বনাম প্রীতির দল কিংবা শাহরুখের দল হয়ে যাবে, তখন ব্যাপারটা আর খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না।’
বাজরাঙ্গি ভাইজান আরও বললেন, ‘তখন আরও গসিপ বাড়বে, মিডিয়ার ফোকাস ম্যাচ থেকে সরে গিয়ে অন্য জায়গায় পড়বে। এমন প্রচারণা আমি চাই না। আমি এমন কিছু করতে চাই যাতে করে সত্যি ক্রীড়াঙ্গণের উন্নতি হয়।’