সেবা ডেস্ক: জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া সীমান্তে আম পাড়তে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শিহাব (১৬) নামে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে। শিহাব একই ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মাহবুবের ছেলে।
সীমান্ত ইউনিয়নের সদস্য ইমাদ আলী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার (১৪ মে) সকাল ৯টার দিকে শিহাব ভারতের অভ্যন্তরে ঢুকে গাছ থেকে আম পাড়ার সময় বিএসএফ তাকে আটক করে ক্যাম্পে নিয়ে মারপিট করে ছেড়ে দেয়। সে ফিরে আসার সময় পেছন দিক থেকে বিএসএফ তাকে গুলি করে। এর অনেকক্ষণ পর বেলা ১১টার দিকে কয়েকজন বাংলাদেশি ভারতের অভ্যন্তরে ঢুকে শিহাবকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহিনা আফরিন তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ দ্য রিপোর্টকে বলেন, ‘নতুনপাড়া সীমান্তের ৬৬ নম্বর প্রধান খুঁটির কাছে এ ঘটনাটি ঘটেছে। শিহাব সীমান্তের শূন্য রেখায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে বিএসএফ গুলি করেছে।’ এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।