বজ্রপাতে প্রাণহানি এড়াতে সাবধানতার বিকল্প নেই

Seba Hot News
সেবা ডেস্ক:  এক দিনে বজ্রপাতে সারা দেশে নিহত অন্তত ৪০ জন। গত বৃহস্পতিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে এসব প্রাণহানি ঘটেছে। বজ্রপাতের মতো মৌসুমি দুর্যোগে এক দিনে এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়া খুবই মর্মান্তিক।
বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে ঝড়-বাদলের মৌসুমে এ অঞ্চলে বজ্রপাতে অনাকাঙ্ক্ষিত প্রাণহানি আগেও ঘটত। কিন্তু সম্প্রতি এই দুর্যোগে প্রাণহানির সংখ্যা বেড়ে গেছে। বাংলাদেশ দুর্যোগ ফোরামের একটি পরিসংখ্যানে দেখা গেছে, গত বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাত মাসে দেশে ১৮০ জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। বজ্রপাত সম্পর্কে যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট ইউনিভার্সিটির এক সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে যে, বিশ্বে বজ্রপাতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় বাংলাদেশে। বাংলাদেশে প্রতি বছর মার্চ থেকে মে পর্যন্ত প্রতি বর্গকিলোমিটার এলাকায় ৪০ বার বজ্রপাত হয়। বিজ্ঞানীদের বিশ্লেষণে হিমালয়ের পাদদেশ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জলবায়ু পরিবর্তনের কেন্দ্র হিসেবে বিবেচিত বলেই বাংলাদেশকে বজ্রপাতপ্রবণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুন আর এক গবেষণায় দাবি করা হয়েছে, বিশ্বে যে হারে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, তাতে বজ্রপাতের হার বাড়বে ৫০ শতাংশ পর্যন্ত। বৃষ্টিপাতের পরিমাণ ও মেঘের প্লাবতা পরিমাপের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার জলবায়ু বিশেষজ্ঞরা এমন আশঙ্কা প্রকাশ করেছেন। গবেষকরা জানান, বিশ্বজুড়ে বছরে এখন প্রায় ২ কোটি ৫০ লাখ বার বজ্রপাত হয়। এ অবস্থায় বজ্রপাতের হার বৃদ্ধি পেলে মানুষের হতাহত হওয়ার ঝুঁকিও বাড়বে। একই সঙ্গে শুষ্ক বনাঞ্চলে দাবানলের আশঙ্কা আরো বাড়বে। পাখিসহ বিলুপ্তপ্রায় নানা রকম প্রাণীর প্রজাতি ধ্বংসের মুখে পড়বে। বজ্রপাতপ্রবণ অঞ্চলে অবস্থানের কারণে বাংলাদেশে আমাদের ঝুঁকি এবং শঙ্কা সঙ্গত কারণেই বেশি।
এ দেশে আমরা বেশ কিছু প্রাকৃতিক দুর্যোগ যেমন- বন্যা, নদীভাঙন, ঝড় ও ভূমিকম্প মোকাবিলা করতেই হিমশিম খাচ্ছি। এর সঙ্গে প্রাক-বর্ষা মৌসুমে বজ্রপাত মৃত্যু-আতঙ্ক নিয়ে যোগ হয়েছে। বজ্রপাতের এই দুর্যোগকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়, একে প্রতিরোধ করার উপায়ও আমাদের করায়ত্ত হয়নি। তবে সতর্কতা অবলম্বন করে, উপস্থিত বুদ্ধি ও কিছু কৌশল সময় মতো কাজে লাগিয়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। বজ্রপাত অনিশ্চিত হলেও ভূমিকম্পের মতো এতটা নয়। সব মৌসুমে ও স্বাভাবিক আবহাওয়ায় বজ্রপাত ঘটে না। কাজেই এ ক্ষেত্রে আবহাওয়ার অবস্থা বুঝে কিছুটা সাবধানতা অবলম্বন ও নিরাপদ অশ্রয় গ্রহণের সুযোগ রয়েছে। ঝড়-বাদলসহ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাইরে খোলা যায়গায় অবস্থান যথা সম্ভব এড়ানো, বজ্রপাতের সময় কী করা উচিত এবং কী নয়- এ বিষয়ে সাধারণের ধারণা থাকা খুবই দরকার। প্রাক-বর্ষা মৌসুমে বজ্রপাতের ব্যাপারে সতর্কতামূলক প্রচারণা গণমাধ্যমে চালানোর ব্যবস্থা নেয়া উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। দুর্ভাগ্যবশত বজ্রপাতে এ দেশে উল্লেখযোগ্য সংখ্যক প্রাণহানির ঘটনা সত্ত্বেও সরকারি- বেসরকারি পর্যায়ে এটাকে দুর্যোগ হিসেবে চিহ্নিত করা হয়নি। প্রাণঘাতী বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে গণ্য করে তা মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কর্র্তৃপক্ষের করণীয় ঠিক করতে হবে জরুরি ভিত্তিতে।
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান