সেবা ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুক্রবার দ্বিতীয়বারের মতো শপথ নিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শপথবাক্য পাঠ করান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। একই সঙ্গে তার সরকারের ৪১ জন মন্ত্রীও শপথ নিয়েছেন।
কলকাতার প্রশস্ত রেড রোডে শপথ অনুষ্ঠান হয়। এর আগে এত বড় ও জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান দেখেনি পশ্চিমবঙ্গ। খবর : বাসস
মমতার সরকারে পূর্ণমন্ত্রী হিসেবে ২৯ জন ও প্রতিমন্ত্রী হিসেবে ১৩ জন শপথ নিয়েছেন। প্রতিমন্ত্রীদের মধ্যে ৫ জন স্বাধীন দায়িত্বে থাকবেন। এবারের মন্ত্রিসভায় ১৮ জনই নতুন মুখ। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্ত্রিসভার মহিলা সদস্য চারজন। মালদহ আর দার্জিলিং থেকে তৃণমূলের কেউ জেতেনি। ফলে এই দুই জেলা বাদে বাকি সব জেলার প্রতিনিধিত্ব নিয়েই নতুন মন্ত্রিসভা গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শপথ অনুষ্ঠানে দেশ-বিদেশের অতিথিরা উপস্থিত ছিলেন। অতিথিদের তালিকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ছিলেন। এ ছাড়া ছিলেন ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, প্রথম সারির রাজনৈতিক নেতা ও বলিউড-টালিউডের তারকা।
শপথ অনুষ্ঠান ঘিরে রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী ও সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়। সকাল থেকেই রেড রোডে সাজ সাজ রব ছিল। ছিল কড়া নিরাপত্তার বলয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে এ দিন শপথ মঞ্চে হাজির ছিলেন লালুপ্রসাদ, নীতিশ কুমারসহ অনেক ভিভিআইপি ও তারকারা।