সেবা ডেস্ক: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও নির্বাচন সুশৃঙ্খল হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। একই সাথে সামনের দুই ধাপে কোনো গোলযোগ ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে আশাপ্রকাশ করেন তিনি।
শনিবার ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, ‘বিরাট সংখ্যক ভোটারের ভোটদানের মধ্য দিয়ে ৭০৩টি ইউপিতে ভোটগ্রহণ হয়েছে। চতুর্থ ধাপের নির্বাচনেও কিছু সংঘর্ষ, হতাহতের মতো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুশৃঙ্খল হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা দেশব্যাপী নির্বাচন মনিটরিং করেছি, টিভির খবর মনিটরিং করেছি। এছাড়া বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে সংঘর্ষ-গোলযোগ কিছুটা কমেছে। আশা করছি, সামনের দুই ধাপে কোনো গোলযোগ ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে।’
তিনি জানান, নির্বাচন আচরণবিধি লঙ্ঘণ করার দায়ে ৭৯ জনকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নির্বাচনের আগে নরসিংদী, ফেনীতে প্রতিপক্ষকে হুমকি দেওয়ায় ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাজশাহীর বাগমারায় ১৬টি ইউপির নির্বাচন স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, ‘৬ হাজার ৭২৭টি ভোটকেন্দ্রের মধ্যে নির্বাচনী অনিয়মের কারণে ৫২টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে। প্রতিবেদন পেলে আরো কেন্দ্র বাতিল করা হবে। তবুও কোনো অনিয়মের সঙ্গে আপোস করা হবে না।’
সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর উল্লেখ করে তিনি আরো বলেন, ‘যেখানে সহিংসতার ঘটনা ঘটেছে, সেখানে সুষ্ঠু তদন্ত করে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগের ধাপগুলোর চেয়ে চতুর্থ ধাপে সহিংসতায় নিহতের ঘটনা কমে এসেছে। আশা করি, সংস্কৃতির পরিবর্তন হোক, হানাহানি করার কোনো প্রয়োজন নেই। অভিযোগ দেওয়ার জন্য নির্বাচনী ট্রাইব্যুনাল আছে, আপিল ট্রাইব্যুনাল আছে।’
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীরা যাতে বাধার সম্মুখীন না হন, সেজন্য অনলাইনেও মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা নির্বাচন কমিশন দ্রুত চালু করবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার আবু হাফিজ, শাহ নেওয়াজ, ইসি’র সচিব সিরাজুল ইসলাম প্রমুখ।