সেবা ডেস্ক: জেলার তানোর উপজেলার জুমারপাড়া আমবাগান থেকে উদ্ধার হওয়া গলা কাটা লাশের পরিচয় মিলেছে।
মোহাম্মদ শহীদুল্লাহ (৬০) নামের ওই ব্যক্তির ছেলে রাসেল আহম্মেদ শনিবার সকলে লাশটি তার বাবার বলে শনাক্ত করেছেন।
তিনি জানান, তাদের গ্রামের বাড়ি রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার মহানন্দখালী গ্রামে। তার বাবা রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পীর ইমাম মেহেদী ওয়াকাফ স্টেট তরিকার মুরিদ ছিলেন।
এদিকে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিহতের ছেলে রাসেল আহম্মেদ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এতে অজ্ঞাতদের আসামি করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নিহতের ছেলে রাসেল আহম্মেদ জানান, গত শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তার বাবা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর গোলাবাড়ি গ্রামে আরেক মুরিদের বাড়িতে যাচ্ছিলেন। এর পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর তানোর উপজেলার বাঁধাইড় ইউনিয়নের জুমারপাড়ায় আবুল হাসানের আম বাগান থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় নিহত শহীদুল্লাহর মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়া ব্যাগে ব্যাংকের রশিদ ও হোল্ডিং ট্যাক্সের কাগজ দেখে তার নাম সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। তবে তার ঠিকানা পাওয়া যায়নি।
রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, প্রায় সময় তাদের বাড়িতে বিভিন্ন এলাকা ওই পীরের মুরিদরা আসতেন। শহীদুল্লাহও মাঝেমধ্যে ভক্তদের বাড়িতে যাওয়া-আসা করতেন। এখন হত্যাকাণ্ডের পেছনে এর কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি-না তারা বুঝতে পারছেন না। তবে পবার নওহাটা এলাকার মৃত আবদুল মালেকের ছেলে শাজাহান ও পিয়ার আলীর সঙ্গে ১০ বছর থেকে জমিজমা নিয়ে বিরোধ চলছে তাদের।
তাই পীরের মুরিদ হওয়া বা জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে এই দুটি বিষয় মাথায় রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। এছাড়া সন্দেহভাজনদের আটকের জন্য অভিযান চলছে বলেও জানান তানোর থানার ওসি আবদুর রাজ্জাক।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় স্থানীয়দের কাছে খবর পেয়ে তানোর উপজেলার জুমারপাড়া আমবাগান থেকে শহীদুল্লাহর মরদেহটি উদ্ধার করে পুলিশ। ঘাড়ের পেছন থেকে কোপ দিয়ে সামনে থেকে তাকে জবাই করা হয়েছে। মরদেহের পাশ থেকে পুলিশ ট্রাভেল ব্যাগ ও নোটবুক উদ্ধার করেছে।