সেবা ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী একটি জ্ঞানভিত্তিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম বিনির্মাণে সব শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোক্তাকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন বাণিজ্যিক না হয় সে দিকে খেয়াল রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
আজ শনিবার রাজধানীর ঢাকার একটি হোটেলে ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ১৩ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্পিকার এ কথা বলেন।
স্পিকার বলেন, দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার পথ প্রশস্ত করতে মানবসেবার মহান ব্রত নিয়ে কাজ করে যাচ্ছে। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষাগ্রহণ করা অত্যন্ত ব্যয়বহুল। তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে অতিমাত্রায় বাণিজ্যিক না হয় সেদিকে খেয়াল রেখে বাস্তবতার নিরিখে শিক্ষা প্রদানে ভূমিকা পালন করতে হবে।
বর্তমান সমাজ ও শিক্ষাব্যবস্থায় বৈষম্য রয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, দেশের কল্যাণে শিক্ষা ও সমাজব্যবস্থা থেকে অবশ্যই এ বৈষম্য দূর করতেই হবে। কারণ যারা বৈষম্যের শিকার তারা আমাদের সমাজের লোক।
তিনি আরও বলেন, বিশ্বায়নের এ যুগে পরিবর্তিত অবস্থার সঙ্গে বিচ্ছিন্ন না থেকে সংযুক্ত হয়ে উন্নত দেশ বিনির্মাণে আমাদের সবাইকে একসাথে কাজ করে যেতে হবে।
স্পিকার বলেন, সংখ্যার ভিত্তিতে শিক্ষার সফলতা নিরূপণ করা সঠিক নয়। বরং শিক্ষা গ্রহণের পর তারা সমাজ ও রাষ্ট্র্র বিনির্মাণে কতটুকু অবদান রাখছে সে বিষয়গুলো বিশেষভাবে বিবেচনায় নিতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এদেশে তরুণের সংখ্যা অনেক বেশি। তরুণরা সব শক্তির আধার। তাই তাদের জন্য যথাযথ সুযোগ নিশ্চিত করতে হবে এবং তাদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করতে হবে।
ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. আনিছুজ্জামান, ইস্টার্ন বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী, আইটি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী বক্তব্য দেন।