সেবা ডেস্ক: সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।
রোববার সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার এক পূর্বাভাসে এ কথা বলা হয়।
এতে বলা হয়, ঢাকা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ঢাকায় বাতাসের গতি ঘন্টায় ১০-১৫ কি.মি দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে বইছে, যা অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে দমকায় ৩০-৪০ কি.মি বইছে এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।
পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।