সেবা ডেস্ক: আইপিএল ভারতের একটি ঘরোয়া টুর্নামেন্ট হলেও অর্থের ঝন-ঝনানিতে রীতিমত বিশ্বের যে কোন ঘরোয়া টুর্নামেন্টকে ছাড়িয়ে গেছে। এই মেঘা টুর্নামেন্টকে আকর্ষণীয় করতে মাঠেই দর্শক বিমোহিত করতে সংযোজিত হয়েছে চিয়ারলিডার প্রথা। নেচে-নেচে নিজ দলের ক্রিকেটারদের কে তারা সর্বদা চাঙ্গা রাখেন। বাইশ গজে খেলছেন নাইটরা। ডিজে তারস্বরে বাজাচ্ছেন ‘করব, লড়ব, জিতব রে’। আর দূরে কলকাতা নাইট রাইডার্সের জন্য ক্রমাগত চিয়ার করে চলেছেন ওরা। ওরাই তো চিয়ারলিডার।
মনে দুঃখের মেঘ জমে থাকলেও মুখে সবসময় ওদের হাসি খেলা করে। ওই হাসিই ভুবন জিতে নেয়। নিজের দলকে চিয়ার করার সময় মোহময়ী দেখায় ওদের। আইপিএলের দৌলতে চিয়ারলিডারদের দেখে ফেলেছে এই দেশ। গোটা বিশ্বেই কিন্তু এখন চিয়ারলিডারদের দারুণ জনপ্রিয়তা। চিয়ারলিডার হিসেবে অনেকেই এখন পেশা গড়তে চান। তাই তৈরি হয়েছে প্রতিযোগিতাও। প্রতিযোগিতা মানেই তো পরীক্ষা। পাশ করলে চাকরি। পাশ করতে না-পারলেই ‘চাকরি নট’। ফলে পরীক্ষায় বসতে হয় চিয়ারলিডারদের।
পরীক্ষা যথেষ্ট কঠিন। চিয়ারলিডারদের আই কিউ টেস্ট নেওয়া হয়। চিয়ারলিডারদের হতে হবে সপ্রতিভ। এটাই যেন অলিখিত শর্ত। সুন্দরী তো হতে হবেই। জানতে হবে নাচ। কঠিন কঠিন প্রশ্নের জবাব হাসিমুখে দিয়ে, কঠিন থেকে কঠিনতম ধাপ উতরোতে পারলে তবেই বেছে নেওয়া হয় চিয়ারলিডারদের। সেই সব চিয়ারলিডাররা তখন নেমে পড়েন নিজেদের কাজের জগতে।
কিন্তু এই বিদেশিনীদের ব্যক্তিগত জীবন কেমন? মাঠে কী ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয় তারা তা কি জানেন?
কিছুদিন আগে এক সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতায় মেতেছিলেন এক চিয়ারলিডার। চুক্তিবদ্ধ হওয়ায় কেউই প্রকাশ্যে কোনরকম মন্তব্য করতে পারেন না। কিন্তু ভারতে চিয়ারলিডারদের জীবন সম্পর্কে সমস্ত কথা তিনি প্রকাশ করেছেন খোলাখুলি। তার সেই সব বক্তব্যের সংক্ষিপ্তসার তুলে ধরা হল নীচে—
‘মাঠে উপস্থিত থাকার সময়ে গ্যালারি থেকে এই সব চিয়ারলিডার দিকে ক্রমাগত ভেসে আসতে থাকে কুরুচিকর মন্তব্য। কখনও কখনও বোতল বা কাগজের বলও ছোড়া হয়। যখন দর্শকদের দিকে মুখ করে দাড়াতে হয়, তখন দর্শকরা অনেকেই অনেকেই অশালীন ইঙ্গিত করেন। এমনটা ভাবার কোনও কারণ নেই যে চিয়ারলিডাররা এই বিষয়টা উপভোগ করেন। মুখ বুজে সবকিছু সহ্য করে যাওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না তাদের।
শ্বেতাঙ্গিনী হওয়ার কারণেও নানা রকম অপমানজনক অবস্থার মুখোমুখি হতে হয় এই মেয়েদের। ভারতীয় পুরুষদের অনেকেই মনে করেন, শ্বেতাঙ্গিনী মানেই যৌন উপকরণ মাত্র।

বহু লোক চিয়ারলিডারদের কাছে জানতে চায়, ক্রিকেটারদের সঙ্গে এদের সম্পর্কের মাত্রাটি ঠিক কেমন? কতটা ঘনিষ্ঠতা হয় তাদের ক্রিকেটারদের সঙ্গে? চিয়ারলিডাররা একথা বলে বলে ক্লান্ত হয়ে যান যে, ক্রিকেটাররা এদের পাত্তাই দেন না।
চিয়ারলিডারদের অনেকেই বেশ উচ্চশিক্ষিত। সোশ্যাল মিডিয়ায় আসা এই মেয়েটি যেমন অ্যান্থ্রোপলজির ছাত্রী ছিলেন।
নাচের জন্য খুব বেশি রিহার্সাল তারা করেন না। চার আর ছয়ের জন্য দু’ধরনের নাচের জন্য তারা প্রস্তুত থাকেন। বাকিটুকু তাৎক্ষণিকভাবে নিজের মতো করে তৈরি করেন।
যে ধরনের পোশাক পরে মাঠে তাদে উপস্থিত থাকতে হয় তা তাঁদের নিজেদেরও পছন্দ নয়।
ভারতে তাদের থাকা খাওয়ার যে ধরনের বন্দোবস্ত হয় তা একেবারে যাচ্ছেতাই। নির্ধারিত হোটেলের ঘরে আরশোলা এবং ইঁদুরের সঙ্গে বসবাস করার অভিজ্ঞতাও এদের অনেকেই হয়েছে।
আর সব থেকে চমকে যাওয়ার মতো তথ্য হল এই যে, চিয়ারলিডারা কেউই ক্রিকেটপ্রেমী নন। এমনকী ক্রিকেট খেলার নিয়মটাও ভাল মতো বোঝেন না, এমনও আছেন অনেকে।’