সেবা ডেস্ক: আফ্রিকার দেশ ঘানার এক মুসলিম ধর্মীয় নেতা বলেছেন, সমকামিতার কারণে আল্লাহ ক্রুদ্ধ হন। আর এটি ভূমিকম্পের জন্য দায়ী।
মাল্লাম আব্বাস মাহমুদ নামের ওই ধর্মীয় নেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানিয়েছে।
আব্বাস মাহমুদ বলেন, ‘একজন পুরুষ যখন অন্য একজন পুরুষের সঙ্গে যৌনকর্মে লিপ্ত হয়, তখন আল্লাহ ক্রুদ্ধ হন। আর এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের কারণেই ভূমিকম্প হয়।’
তিনি বলেন, সমকামিতার কারণে আল্লাহ এর আগে কয়েকটি জনপদ ধ্বংস করেছেন।
আব্বাস এমন সময় এ মন্তব্য করলেন যখন সমকামিতার অভিযোগে দেশটির জোঙ্গো সম্প্রদায়ের বিরুদ্ধে বৈরী মনোভাব বেড়ে চলেছে।
তিনি বলেন, ‘পবিত্র শিক্ষার পরিবর্তে আমরা কি এ ধরনের লজ্জাজনক কাজকে আমাদের সমাজে চলতে দিতে পারি? অবশ্যই না। আমরা আনন্দিত যে, এ ধরনের অথর্বদের আমরা জোঙ্গো সম্প্রদায় থেকে বিতাড়ন করতে পারছি।’