সেবা ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে ডলফিনের সংখ্যা। বাংলাদেশ ও ভারতের ৭৭৬ বর্গকিলোমিটার এলাকায় চালানো এক সমীক্ষায় শুধুমাত্র ইরাবতী ও ইন্দো-প্যাসিফিক হাম্পব্যাক প্রজাতির ডলফিনের সন্ধান পাওয়া গেছে। আর এদের সংখ্যাটিও অতি নগন্য।
সমীক্ষায় পূর্ব সুন্দরবনে ইরাবতী ডলফিন বেশি দেখা গিয়েছে। আর ইন্দো প্যাসিফিক ডলফিন শুধু পাওয়া গেছে শুধু পশ্চিম সুন্দরবনে। প্রতিবেদনে ১৪৩টি ইরাবতী ও ২৮টি হাম্পব্যাকের দেখা মিলেছে বলে জানানো হয়েছে।
পশ্চিমবাংলার প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার তাদের অনলাইন সংস্করণে ‘কোথায় তারা? সুন্দরবন চষে ফেলেও খোঁজ নেই’ শিরোনামের প্রতিবেদনে এ সব তথ্য দিয়েছে।
ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও আসামের পশুপ্রেমী সংগঠন ‘আরণ্যক’ যৌথভাবে সুন্দরবনের ডলফিন নিয়ে সমীক্ষাটি চালায়। প্রতিবেদনটি পশ্চিমবঙ্গ সরকারের কাছে জমা দেওয়া হয়েছে।
আনন্দবাজারের ওই প্রতিবেদনে বলা হয়, পূর্ব সুন্দরবনের ১১টি খাঁড়িতে ২৮৯ কিলোমিটার ও পশ্চিমে ২৩টি খাঁড়ির ৪৮৭ কিলোমিটার পথে সমীক্ষা চালানো হয়। ‘বিশেষ কায়দায়’ তৈরি লঞ্চে করে সুন্দরবন ঘুরে ঘুরে সমীক্ষাটি করা হয়। ‘চাক্ষুষ’ পর্যবেক্ষণের পাশাপাশি ডলফিন খুঁজতে বিদেশি হাইড্রোফোন ব্যবহার করা হয়েছিল। ডলফিনদের বসতি বাছাইয়ের প্রকৃতি ও বিন্যাসের ধারা সম্পর্কেও তথ্য সংগ্রহ হয়েছিল।
‘লাগামছাড়া দূষণ, ট্রলারের দাপাদাপি ও মাছ-ধরা জাল’ এ বিষয়গুলোকে সুন্দরবনে ডলফিনের সংখ্যা কমে যাওয়ার কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।