সেবা ডেস্ক: রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষকদের শূন্য পদে নিয়োগ দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এসব শূন্য পদে নিয়োগ দেওয়ার বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে সুপারিশ করেছে ।
ইতোমধ্যে ১০ জনকে নিয়োগ দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম খান জানান, আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
তিনি আরও জানান, এসব পদে শিক্ষক নিয়োগ দিতে এখন কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। এছাড়া মামলার সঙ্গে জড়িতরা যেন নিয়োগ পান সে বিষয়েও আলোচনা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ভুক্তভোগী শিক্ষকরা জানান, রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি(নিয়োগ, পদোন্নতি, শৃঙ্খলা ও কল্যাণ) নীতিমালা-২০০৯ অনুযায়ী সহকারী শিক্ষক নিয়োগের জন্য ২০১০ সালের ২১ এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
জানা যায়, বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্য পদের বিপরীতে নিয়োগের জন্য ৪২ হাজার ৬১১ জনের একটি প্যানেল প্রস্তুত করা হয়। উক্ত প্যানেল থেকে এর মধ্যে ১০ হাজার ৫১৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
পরবর্তীতে ২০১২ সালের ২১ মার্চ রেজিস্টার্ড শিক্ষক নিয়োগ নীতিমালার অনুচ্ছেদ ২.৫ সংশোধন করে বলা হয়, মৃত্যু, বরখাস্ত, পদত্যাগ, অবসরজনিত বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে উপজেলা শিক্ষা অফিসে রাখা জেলা নিয়োগ কমিটি নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা থেকে মেধাক্রম এবং প্রথমত সংশ্লিষ্ট ইউনিয়ন ও পরবর্তীতে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী অধিবাসী হওয়ার ভিত্তিতে এসএমসি (স্কুল ব্যবস্থাপনা কমিটি) ৪৫ কার্যদিবসের মধ্যে নিয়োগ দেবে। মেধাক্রম তালিকার মেয়াদ তালিকা প্রকাশের তারিখ থেকে ৫ বছর পর্যন্ত বলবৎ থাকবে।
সচিবালয়ে ওই সভায় আলোচনায় বলা হয়, উপজেলা কোটার পরিবর্তে নীতিমালার ২.৫ অনুচ্ছেদ সংশোধন করায় হাইকোর্টে রিট পিটিশন (৮৭৫৮/২০১২) দায়ের করা হয়। রিটে সরকারের বিপক্ষে রায় গেলে সরকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল (৩১৬৫/২০১৫) করে। গত বছরের ৭ মে আপিলটি খারিজ হয়। সরকার পক্ষ আপিলে হেরে যাওয়ায় সিভিল রিভিউ পিটিশন (২৫০/২০১৫) দায়ের করে এবং চলতি বছরের ১১ ফেব্রুয়ারি রিভিউ পিটিশন খারিজ হয়ে যায়।
পরে এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত নেয় গণশিক্ষা মন্ত্রণালয়। উচ্চ আদালত রিট পিটিশন ও রিভিউ পিটিশন খারিজ করে নীতিমালা তৈরি করে নিয়োগ দিতে বলায় নিয়োগের উদ্যোগ নেয় মন্ত্রণালয়।
সভায় জানানো হয়, সরকারের রিভিউ পিটিশন খারিজ হওয়ায় হাইকোর্ট বিভাগের রায় বহাল রয়েছে। এমতাবস্থায় রিট পিটিশনের (৮৭৫৮/২০১২) আবেদনকারীসহ সব রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শূন্যপদে আদালতের নির্দেশের আলোকে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগদানের আইনগত বাধ্যবাধকতা রয়েছে।
মামলা ও রিটের রায় সরকারের বিপক্ষে আসায় আর আপিল না করে শূন্যপদে নিয়োগের জন্য উদ্যোগ নিতে পারবে বলে জানানো হয়।
সভায় আইন মন্ত্রণালয়ের মতামতের আলোকে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সব রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শূন্য পদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ দেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।