সেবা ডেস্ক: সিরিয়ার আলেপ্পো শহরে যুদ্ধবিরতি আরো তিন দিন বাড়ানো হয়েছে। দেশটিতে সহিংসতা ও সংকট মোকাবেলায় যুদ্ধবিরতির সময় আরো বাড়ানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি দু’সপ্তাহের সংঘর্ষে কমপক্ষে ৩শ বেসামরিকের মৃত্যুর পর বুধবার সিরীয় বাহিনী দু’দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে। দু’দিনের যুদ্ধবিরতি শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে সোমবার পর্যন্ত নেয়া হয়েছে।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো শহর একটি বাণিজ্যিক এবং আর্থিক শহর হিসেবে পরিচিত ছিল। কিন্তু পাঁচ বছরের সহিংসতা ও সংঘাতে ওই শহরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আন্তর্জাতিক ভাবেই সিরিয়ার যুদ্ধ ও সংঘাত থামানোর চেষ্টা করা হচ্ছে। এ নিয়ে শান্তি আলোচনারও আয়োজন করা হয়েছে। এই সাময়িক যুদ্ধবিরতি আন্তর্জাতিক উদ্যোগেরই অংশ।