সেবা ডেস্ক: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মাহমুদউল্লাহ রিয়াদ ও মার্শাল আইয়ুবের জোড়া সেঞ্চুরিতে বড় জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মঙ্গলবার ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) তারা হারিয়েছে ৯০ রানে।
সাভারের বিকেএসপিতে পঞ্চম রাউন্ডের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় রিয়াদের শেখ জামাল। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা রান তোলে ২৯০। এদিন ওপেনিং দুই ব্যাটসম্যানকে হারিয়ে প্রথমে ধাক্কা খায় জামাল। এরপর ওয়ানডাউনে নামা মার্শাল আইয়ুব ও রিয়াদের দায়িত্বশীল ব্যাটিংয়ে সিসিএসের বিপক্ষে বড় স্কোর দাঁড় করায় জামাল। এদিন রিয়াদ লিস্ট ‘এ’ ক্রিকেটে করেন ক্যারিয়ার-সেরা ১৩০ রান। যেটি এ আসরে আইকন ক্রিকেটারদের মধ্যে তৃতীয় কোনো সেঞ্চুরি। এই ইনিংস খেলতে রিয়াদ খরচ করেন ১৩৯টি বল। আর ইনিংসটি সাজান ৮টি চার ও ৫টি ছক্কার সাহায্যে। অন্যদিকে মার্শাল আইয়ুব ১১৫ বল খেলে করেন ১০৩ রান। এই ইনিংসটি তিনি সাজিয়েছেন ১২টি চারের সাহায্যে।
সিসিএসের পক্ষে মেহরাব হোসেন নিয়েছেন ৪৫ রানে ৩ উইকেট।
জয়ের জন্যে বড় স্কোর তাড়া করতে নেমে বেশ ভালো শুরুই করেছিল সিসিএস। কিন্তু শেষ পর্যন্ত সেই ধারা অব্যাহত রাখতে পারেনি প্রথম সারির ব্যাটসম্যানরা। ওপেনিংয়ে নামা সাইফ হাসানের ৪৭ আর ওয়ানডাউনে নামা অধিনায়ক রাজেন সালেহর ৫১ রানের স্কোরটিই এদিন দলের ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ। শেষপর্যন্ত ৪৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে সিসিএসের সংগ্রহ দাঁড়ায় পুরোপুরি ২০০ রান।
শেখ জামালের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন সাইফুল ইসলাম, মুক্তার আলী ও জীবন মেন্ডিস।
ম্যাচ-সেরা হয়েছেন শেখ জামালের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।