সেবা ডেস্ক: শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের র্যাংকিং করা হয়েছে। দেশে কলেজ র্যাংকিংয়ের পদক্ষেপ এটিই প্রথম।র্যাংকিংয়ের প্রথম স্থান পেয়েছে রাজশাহী কলেজ, ২য় ইডেন মহিলা কলেজ, ঢাকা এবং ৩য় স্থানে রয়েছেন ঢাকা কলেজ, ঢাকা।
আজ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডিস্থ কার্যালয়ে এক অনুষ্ঠানে ঘোষণা করা হয় র্যাংকিংয়ের ফল।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ র্যাংকিং প্রদানের পটভূমি ও এর উদ্দেশ্য তুলে ধরে শীর্ষস্থানীয় কলেজের নাম ঘোষণা ও অ্যাওয়ার্ড প্রদান করবেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।
ফয়জুল করিম জানান, দীর্ঘদিন ধরে সরকারি-বেসরকারি অনার্স ও মাস্টার্স কোর্স পরিচালনাকারী কলেজগুলোর বিভিন্ন তথ্য-উপাত্ত নিয়ে র্যাংকিংয়ের কাজ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
কলেজের শিক্ষক, শিক্ষার্থী, পরীক্ষার ফল, পাঠদান, অবকাঠামোসহ বিভিন্ন সূচকের ওপর ভিত্তি করে সেরা কলেজ নির্বাচন করা হচ্ছে। শিক্ষার মানোন্নয়নে দেশে প্রথমবারের মতো কলেজ র্যাংকিং করা হচ্ছে বলে জানান তিনি।
দেশে অনার্স ও মাস্টার্স কোর্স পরিচালনাকারী কলেজ রয়েছে ২ হাজার ২০০টি। শিক্ষার মানোন্নয়নে গত ১ এপ্রিল থেকে অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নেয় জাতীয় বিশ্ববিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল বাংলা একাডেমিতে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কলেজের অধ্যক্ষদের নিয়ে এ ধরনের ৬ষ্ঠ মতবিনিময় সভা করেন উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
তবে শিক্ষকরা বলছেন, এ ধরনের মতবিনিময় অনুষ্ঠান শিক্ষার মান বাড়াতে কোনো কাজে আসবে না। তাদের মতে, এটি সরকারি অর্থ অপচয় ছাড়া আর কিছুই নয়।
এর আগে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত প্রথমবারের মতো সরকারি কলেজের অধ্যক্ষ সম্মেলনে কয়েক অধ্যক্ষ বলেছেন, সেশনজট কমানোর নামে সিলেবাস শেষ না করে ৯-১০ মাসেই সেমিস্টার পরীক্ষা নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। যাকে প্রি-ম্যাচিউড (অপরিপক্ব) পরীক্ষা বলা যায়। এটি উচ্চশিক্ষা বিকাশের অন্তরায়।
এতে করে শিক্ষার্থীরা নির্ধারিত শিক্ষাবর্ষে অনার্স-মাস্টার্স পাস করছেন ঠিকই;
কিন্তু তাদের মেধার বিকাশ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
সম্মেলনে অধ্যক্ষদের অভিমত ছিল, অনার্স ও মাস্টার্স কোর্স পাঠদানে মান রক্ষা বা বৃদ্ধি নয়, তড়িঘড়ি কোর্স শেষ করতেই বেশি গুরুত্ব দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সেশনজটে নাকাল বিশ্ববিদ্যালয়কে জটমুক্ত করতে ১০ মাসের আগেই শিক্ষাবর্ষ সম্পন্ন করছে প্রশাসন। একে বলা হচ্ছে ক্রাশ প্রোগ্রাম।