সেবা ডেস্ক: জামালপুরের সরিষাবাড়ী থানা হাজতে পুলিশি নির্যাতনে সোমবার ভোরে হাশেম আলী (৩৫) নামে এক হত্যা মামলার আসামীর মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত পুলিশের এস আই মতিউর রহমানের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল, থানা ঘেরাও, সড়ক অবরোধ কর্মসূচি পালন করে এলাকাবাসী।মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল রহিমা আক্তার লাকি নামে এক গ্রহবধু আত্মহত্যা করেন। কয়েকদিন আগে লাকি আক্তারের ময়নাতদন্ত রিপোর্ট থানায় আসে। এ রিপোর্টের আলোকে এস আই মতিউর রহমান বাদী হয়ে রোববার সকালে হাশেম আলী ও তার মা হাসু বেগমকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। ওইদিনই এস আই মতিউর রহমান গুলশান থানা পুলিশের সহযোগীতায় গুলশান এলাকা থেকে হাশেম আলীকে আটক করে রাত পৌনে ১টায় সরিষাবাড়ী থানায় নিয়ে আসেন। এরপর থেকেই থানা হাজতে তার উপর চালানো হয় অমানবিক নির্যাতন। পুলিশি নির্যাতনে হাশেম আলী অজ্ঞান হয়ে পড়েন। অনেক চেষ্টা করেও জ্ঞান ফেরাতে না পেরে সোমবার ভোর সাড়ে ৪টায় মুমূর্ষ অবস্থায় তাকে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পুলিশ। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। হাশেম আলী পৌরসভার তাড়িয়াপাড়া গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে। পরে নির্যাতনে মৃত্যুর এ ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা চালায় পুলিশ। এ সংবাদে এলাকাবাসী অভিযুক্ত পুলিশের এসআই মতিউর রহমানের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা মিছিল নিয়ে এসে থানার প্রধান ফটকে অবস্থান নেয় এবং ঘেরাও করে রাখে। আধা ঘন্টা পর অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে তারা চলে যায়। পথিমধ্যে পৌরসভার আমতলা মোড়ে একই দাবীতে টায়ার জালিয়ে প্রায় দেড় ঘন্টা তারাকান্দি জামালপুর মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। পরে স্থানীয় নেতৃবৃন্দের অনুরোধে অবরোধ তুলে নেয়া হয়।
এ ব্যাপারে হাশেমের মাতা হাসু বেগম জানান, তার ছেলে ভাল মানুষ ছিল। পুলিশ তাকে মেরে ফেলেছে। তিনি এর বিচার চান।
এস আই মতিউর রহমান জানান, হাশেম আলী বক্ষব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এ ব্যাপারে আবাসিক মেডিকেল অফিসার মমতাজ উদ্দিন জানান, বেশ মুমূর্ষ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল। তাকে তেমন চিকিৎসা দেয়ার সুযোগ পাওয়া যায়নি।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিরুল ইসলাম জানান, তার গলায় ফাঁসের দাগ রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সব পরিষ্কার হয়ে যাবে।
অফিসার ইনচার্জ (ওসি) বিল্লাল উদ্দিন সাংবাদিকদের জানান, সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক পুলিশি নির্যাতনে মৃত্যু হওয়ার কথা অস্বীকার করে জানান, হাশেম আলী তার পরনের প্যান্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তার গলায় ফাঁসের চিহৃ রয়েছে বলেও তিনি জানান।