সেবা ডেস্ক: মার্কিন নাগরিকদের গ্রীষ্মকালীন ইউরোপ ভ্রমণের ওপর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কা থেকেই এ সতর্কতা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে। বুধবার পররাষ্ট্র দপ্তরের এ সতর্ক বার্তায় কোনো সুনির্দিষ্ট হুমকির কথা উল্লেখ করা হয়নি। তবে যারা গ্রীষ্মকালীন ছুটি কাটাতে ইউরোপে যান, তাদের সবার উদ্দেশ্যেই জারি করা হয়েছে এ সতর্কতা।
সতর্ক বার্তায় বলা হচ্ছে, ইউরোপে অধিক সংখ্যক আমেরিকানের উপস্থিতির অর্থই হচ্ছে সন্ত্রাসীদের সম্ভাব্য আক্রমণ পরিকল্পনার জন্য তারা বড় লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এতে কিছু সম্ভাব্য ঝুঁকিপূর্ণ জায়গা এবং অনুষ্ঠানের উল্লেখ রয়েছে। এর মধ্যে বিশেষ করে প্যারিসে আগামী ১০ জুন থেকে শুরু হতে যাওয়া ইউরো ২০১৬ ফুটবল টুর্নামেন্টের কথা বলা হয়েছে। যদিও এ টুর্নামেন্ট চলাকালে ফ্রান্সে জরুরি অবস্থা জারি থাকবে বলে দেশটির সরকার বলছে।
এ ছাড়া জুলাই মাসে ট্যুর ডে ফ্রান্স সাইকেল রেস এবং তার পরপর পোল্যান্ডের ক্যাথলিক ওয়ার্ল্ড ইয়ুথ ডে'কেও নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ অনুষ্ঠান হিসেবে উল্লেখ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রায় নিয়মিতভাবে বিভিন্ন দেশে স্বল্পকালীন ভ্রমণ সতর্কবার্তা জারি করে, তবে ইউরোপের জন্য এমন সতর্কবার্তা জারি বিরল ঘটনা। গত ২০ বছরে এ নিয়ে তিনবার মার্কিনিরা ইউরোপ সফরের ওপর সতর্কতা জারি করেছে। দ্বিতীয় সতর্কতাটি জারি করা হয় গত নভেম্বর মাসে প্যারিস হামলার পর। এ বার্তার খবর পেয়ে অনেক ভ্রমণকারী তাদের ভ্রমণ পরিকল্পনা ইতিমধ্যে বাতিল করেছেন বলে জানা গেছে।