তুরস্ক সীমান্তে অবরুদ্ধ ১ লাখ সিরীয়

Seba Hot News
সেবা ডেস্ক: 

সিরিয়ার আলেপ্পো প্রদেশে তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে এক লাখের বেশি মানুষ অবরুদ্ধ রয়েছে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সিরিয়ার বিদ্রোহী বাহিনীর দখলে থাকা ওই অঞ্চল কব্জায় আনতে গেলে এ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়। শনিবার আলজাজিরার এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আন্তর্জাতিক দাতা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) সিরিয়ার আল-সালামাহ শহরে পরিচালিত তাদের সর্ববৃহৎ হাসপাতাল থেকে অধিকাংশ চিকিৎসক ও স্টাফদের সরিয়ে নিয়েছে। আইএসের যুদ্ধবহর শুক্রবার হাসপাতালের নিকটবর্তী শহর আজাজের কাছে পৌঁছেছে।
এক বিবৃতিতে এমএসএফ-এর মধ্যপ্রাচ্য শাখার অপারেশন ম্যানেজার পাবলো মারকো বলেন, ‘আমাদের হাসপাতাল ও রোগীদের ভাগ্য নিয়ে গভীরভাবে আমরা উদ্বিগ্ন এবং তুরস্ক সীমান্ত ও এর আশপাশের যুদ্ধক্ষেত্রে প্রায় ১ লাখের মতো মানুষ আটকা পড়ে আছে। তাদের নিয়েও আমরা বেশ শঙ্কিত।’
‘সাম্প্রতিক মাসগুলোতে হাসপাতালটির সাত কিলোমিটার দূরে অবস্থান করছিল শত্রুবাহিনীর সাজোয়া যান (আইএসের যোদ্ধাদের)। এখন মাত্র আল-সালামাহ শহর থেকে তারা মাত্র তিন কিলোমিটার দূরে রয়েছে। যুদ্ধ খুব সন্নিকটে থাকায় মানুষ পালিয়ে যাচ্ছে।’
সাংবাদিক মামুন খাতেব বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আইএস যোদ্ধারা তুর্কি সীমান্তবর্তী বিদ্রোহী নিয়ন্ত্রিত আজাজ শহর ও নিকটবর্তী মারিয়া শহরের রাস্তা বন্ধ করে দিয়েছে। সেখানে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ দুই শহরে কয়েক লাখ লোকের বসবাস।
২০১২ সালে সিরিয়ার সরকারি বাহিনীর কাছ থেকে মারিয়া ও আজাজ দখলে নেয় দেশটির পশ্চিমা সমর্থিত ইসলামপন্থী বিদ্রোহীরা।
বিশ্লেষকরা আশঙ্কা করেছেন, শহরে আইএস জঙ্গিরা প্রবেশ করলে বিদ্রোহী বাহিনীর সঙ্গে তুমুল লড়াই হবে।
নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, সীমান্তে ২৫ লাখ সিরীয়কে ইতোমধ্যে আশ্রয় দিয়েছে তুরস্ক। আর এ ঘটনা সেখানে নতুন করে মানবিক বিপর্যয় সৃষ্টি করবে
ট্যাগস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান