সেবা ডেস্ক: এপ্রিল মাসের সঙ্গে নতুন স্কেলের আট মাসের বকেয়া বেতনের চেক সোমবার ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এপ্রিল মাসের সঙ্গে আরও ৮ মাসের বকেয়া পাচ্ছেন বলে গত ৫ মে শিক্ষা মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়।
মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের ১২টি ও গত বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসের বকেয়া বিলের চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
আগামী ১৫ মে পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে শিক্ষক-কর্মচারীরা নিজের ব্যাংক হিসাবের মাধ্যমে এ টাকা উত্তোলন করতে পারবেন। দেশে প্রায় ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী রয়েছেন।
গত মার্চ মাসের বেতন-ভাতার এমপিও কপি অথবা ভাউচার সংশ্লিষ্ট ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে না পৌঁছানোয় বা অন্য কোনো কারণে বেতন-ভাতা উত্তোলন করতে না পারা প্রতিষ্ঠানগুলোও বর্তমান মাসের নির্ধারিত সময়ের মধ্যে তা উত্তোলন করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।