ইনজুরিতে মুস্তাফিজ

Seba Hot News
ইনজুরিতে মুস্তাফিজসেবা ডেস্ক:
ফাইনালে যাওয়ার ম্যাচ। কিন্তু সেই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামা হলো না মুস্তাফিজুর রহমানের। ইনজুরির কারণে ম্যাচ খেলতে পারছেন না তিনি। মুস্তাফিজকে ছাড়াই তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কোয়ালিফায়ার-২ ম্যাচে গুজরাট লায়ন্সের মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
যে জিতবে সেই দলই ফাইনালে খেলবে; পরাজিত দলকে নিতে হবে বিদায়―এমন সমীকরণ মাথায় রেখেই শুক্রবার (২৭ মে) রাতে মাঠে নেমেছে সানরাইজার্স ও গুজরাট। বাংলাদেশি ভক্তদের কাছে এই ম্যাচের মূল আকর্ষণ ছিল মুস্তাফিজকে ঘিরেই। কারণ, আসরের শুরু থেকেই বল হাতে আলো ছড়িয়েছেন মুস্তাফিজ। দু-একটি ম্যাচ বাদ দিলে তার কিপটে বোলিং সানরাইজার্সকে দারুণভাবে সাহায্য করেছে প্লে-অফ পর্বের টিকেট কাটতে। সেই সঙ্গে মুস্তাফিজের নেওয়া ১৬ উইকেটের গুরুত্বটা তো রয়েছেই। তাই আসরের একটি ম্যাচেও মুস্তাফিজকে একাদশের বাইরে রাখেনি সানরাইজার্স। কিন্তু ফাইনালে যাওয়ার ম্যাচে ধাক্কা খেল ডেভিড ওয়ার্নারের দল; সঙ্গে মুস্তাফিজ ভক্তরা।
টসের সময় সানরাইজার্স অধিনায়ক ওয়ার্নার জানালেন, মুস্তাফিজের হালকা হ্যামস্ট্রিং ইনজুরি দেখা দিয়েছে। তাই তিনি ম্যাচ খেলতে পারছেন না। তার জায়গায় একাদশে নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টকে।
এই হ্যামস্ট্রিং সমস্যার কারণেই মুস্তাফিজ চলতি বছর এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপ ক্রিকেটে ঠিকমতো সব ম্যাচ খেলতে পারেননি। তাই সেই পুরোনো ইনজুরি ফিরে আসার বিষয়টি তাই বাংলাদেশের জন্য বড় ধরনের শঙ্কার কারণ। অবশ্য তার ইনজুরি কতটা গুরুতর আপাতত তা জানা সম্ভব হচ্ছে না।

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান