জাতীয় শিক্ষানীতি ২০১০ ও শিক্ষা আইন ২০১৬ ‘এক গভীর ষড়যন্ত্রের অবিচ্ছেদ্য অংশ’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
তিনি বলেন, ‘আজ আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে শঙ্কিত। আমাদের স্বাধীন জাতিসত্ত্বা আজ হুমকির মুখে। দেশকে ১৯৪৭ সালের পূর্বাবস্থায় নিয়ে যাওয়ার যড়যন্ত্র চলছে। জাতীয় শিক্ষানীতি ২০১০ ও শিক্ষা আইন ২০১৬ সেই ষড়যন্ত্রেরই অবিচ্ছেদ্য অংশ।’
তার অভিযোগ, সরকার তাদের আপত্তির তোয়াক্কা না করে একতরফাভাবে জাতীয় শিক্ষানীতি এবং ইসলাম ধর্মবিহীন পাঠ্যসূচি অনুমোদন করেছে।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার বিকেলে ইসলাম ধর্মবিরোধী পাঠ্যসূচি, শিক্ষা আইন ও শিক্ষানীতি বাতিলের দাবিতে আয়োজিত মহাসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এসব কথা বলেন।
পাঠ্যবই থেকে ইসলাম বিরোধী বিতর্কিত বিষয়গুলো বাতিল করে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি বলেন, ‘বাংলা পাঠ্যবইয়ের বিতর্কিত বিষয়গুলোর পাঠদান বন্ধের নির্দেশ দিন। নতুন শিক্ষাবর্ষে ধর্মের সঙ্গে সঙ্গতিপূর্ণ পাঠ্যবই ছাত্রছাত্রীদের হাতে দিন। এসব শিক্ষা পদ্ধতি বাস্তবায়িত হলে দেশের মাদ্রাসা প্রতিষ্ঠান বন্ধ করা হবে আর বিতর্কিত সিলেবাসের বই পড়াতে বাধ্য করা হবে।’
তিনি বলেন, ‘বিশেষ করে সকল শ্রেণির বাংলা সিলেবাস থেকে মুসলিম ও ইসলামী ভাবধারার সব বিষয় বাদ দেওয়া হয়। আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের) জীবনীও বাদ দেওয়া হয়েছে। আমাদের জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শনকেও অপমান করা হচ্ছে।’
মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘এ সর্বনাশা সিলেবাস তো আওয়ামী লীগেরও চেতনাবিরোধী। যারা এমনটি করেছেন তারা আমাদের অস্তিত্ত্বের, স্বাধীনতার, জাতির শত্রু।’
জাতীয় শিক্ষানীতি ও শিক্ষা আইনকে ‘নাস্তিক্যবাদী’ হিসেবে অভিহিত করে তারা রাজপথে নামবেন বলে হুশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, ‘যদি আমাদের জানও দিতে হয় আমরা তা করবো। তবুও আমরা এই নাস্তিক্যবাদী শিক্ষানীতি বাস্তবায়ন হতে দেব না। আত্মমর্যাদাশীল একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের একটি জাতীয় শিক্ষানীতি অবশ্যই প্রয়োজন। কিন্তু এই শিক্ষানীতি বাংলাদেশ ধ্বংসের শিক্ষানীতি। এই শিক্ষানীতি বাংলাদেশ থেকে ইসলাম ও মুসলমান জাতিসত্ত্বা ধ্বংসের রণকৌশল। এই শিক্ষানীতি কোনো দেশ প্রেমিক মুসলমান মেনে নিতে পারে না। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জাতি বিধ্বংসী ষড়যন্ত্রের এই শিক্ষাআইন প্রত্যাখ্যান করবে।’
নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে চরমোনাই পীর বলেন, শিক্ষানীতি বাতিলের দাবিতে আসন্ন বাজেট অধিবেশন চলাকালে জাতীয় সংসদ অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি পেশ, ১ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ ও গণস্বাক্ষর অভিযান, ২০ জুলাই ইউনিয়নে ইউনিয়নে মানববন্ধন, ২৮ জুলাই থানায় থানায় মানববন্ধন, ৫ আগস্ট জেলায় জেলায় সমাবেশ ও বিক্ষোভ, ১১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৮ বিভাগে বিভাগীয় মহাসমাবেশ, ৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা।
এরপরও তাদের দাবি না মানা হলে ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচি পালিত হবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন— সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মাওলানা নূরুল হুদা ফয়েজী, নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক আজাদ, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, চরমোনাই পীরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের মহাসচিব মাওলানা মিজানুর রহমান সাঈদ, ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা ঈসা শাহেদী, ইসলামী ঐক্যজোটের যুগ্ম-মহাসচিব মাওলানা লোকমান হোসাইন, অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।