সেবা ডেস্ক: বগুড়ার ঝোপগাড়ী এলাকায় শুক্রবার দুপুরে যাত্রীবাসী বাসের ছাদ থেকে দুই যাত্রীর লাশ উদ্ধার করেছে বগুড়া সদর থানা পুলিশ।
বগুড়া সদর থানার ছিলিপুর ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (টিএসআই) শাহ আলম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ছাদ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, লাশ দুটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, নিহত দুজনই বাসের ছাদের যাত্রী ছিল। এদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। নিহত ব্যক্তি হলেন দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার প্রতাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর (৩৫)।
এ ঘটনায় বাসচালক ইসরাফিলকে (৩০) আটক করেছে সদর থানা পুলিশ।
শাহ আলম জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে শহরের ঝোপগাড়ী এলাকায় দোয়েল পাম্পে গ্যাস নেওয়ার সময় অপর একটি বাস থেকে লোকজন ওই বাসের ছাদে দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে।
এ সময় ঢাকাগামী বাসের চালক ছাদে থাকা দুই ব্যক্তিকে নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আসে। সেখানে ছাদ থেকে এক ব্যক্তিকে মৃত অবস্থায় এবং অপর ব্যক্তিকে জরুরি বিভাগে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ‘ধারণা করা হচ্ছে, বাসের ছাদের দুই যাত্রী গাছ অথবা গাছের ডালের আঘাতে মারা গেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।’