সেবা ডেস্ক: এসএসসি পরীক্ষায় পাস করতে না পেরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে গৃহবধূ দিপালী দাস (১৮)বৃহস্পতিবার বিকেলে বাবার বাড়িতে এ ঘটনা ঘটায়।
পর পর দুবার পরীক্ষা দিয়ে একই ফলাফল হওয়ায় রাগে-ক্ষোভে এ ঘটনা ঘটায় বলে জানায় তার পরিবার ও পুলিশ।
নিহত দিপালী দাস মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের সজল দাসের মেয়ে ও পাটকেলপোতা গ্রামের তাপস দাসের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে গত বছর এসএসসি পরীক্ষা দিয়ে অংকে অকৃতকার্য হয় দিপালী দাস। দৃঢ় মনোবল নিয়ে এবার আবারো পরীক্ষায় অংশ নেয় সে। কিন্তু বুধবার ফলাফল প্রকাশ হলে দিপালী দাস একই বিষয়ে অকৃতকার্য হয়। এতে রাগে-ক্ষোভে বাবার বাড়ির ঘরের আড়ার সঙ্গে রশিতে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন টের পেলেও দিপালীকে আর বাঁচানো যায়নি। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মাঝে বইছে শোকের ছায়া।
শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান জানান, দিপালী গত বছর পরীক্ষা দিয়ে অংকে অকৃতকার্য হয়। এবারো এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অংকে অকৃতকার্য হয়েছে। এ অভিমানে সে আত্মহত্যা করে থাকতে পারে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো সন্দেহ না থাকায় লাশ ময়নাতদন্ত করতে ইচ্ছুক নন তারা। তাই জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিসাপেক্ষে সৎকার করার প্রক্রিয়া চলছে।