সেবা ডেস্ক: খাগড়াছড়িতে নিখোঁজ ভাড়ায় মোটরসাইকেল চালক আলী হোসেনের উদ্ধারসহ সাত দফা দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
পার্বত্য বাঙালী সংগ্রাম পরিষদ ও এর সহযোগী সংগঠন এ হরতালের ডাক দেয়।
খাগড়াছড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি লিয়াকত চৌধুরী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালের কারণে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দোকানপাট খোলেনি। দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। হরতালের সমর্থনে সংগঠনের নেতাকর্মীরা জেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পিকেটিং করছে। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখনও পর্যন্ত জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
খাগড়াছড়ির অতিরিক্তি পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন দ্য রিপোর্টকে জানান, নিখোঁজ হোসেন আলীর সন্ধানে পানছড়ি-খাগড়াছড়িসহ বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, ২৮ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৫ নম্বর উল্টাছড়ি ইউপির জিয়া নগর গ্রামের মনসুর আলীর ছেলে হোসেন আলী (৩০) যাত্রী নিয়ে খাগড়াছড়ি জেলা সদরের ভাইবোনছড়া যাওয়ার পর নিখোঁজ হন। সে থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।