সেবা ডেস্ক: আরব আমিরাতে প্রবেশের জন্য বাংলাদেশিদের ভিসা সহজতর করতে সে দেশের রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রবিবার বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সাঈদ বিন হাজার আল-শেহি তথ্যমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে দেখা করতে এলে মন্ত্রী এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, ‘আরব আমিরাতের নাগরিকদের জন্য বাংলাদেশ‘ভিসা অন অ্যারাইভাল’ পদ্ধতি চালু করেছে। ব্যবসা-বাণিজ্য ও দাপ্তরিক প্রয়োজনসহ বিভিন্ন কাজে বাংলাদেশিদের আরব আমিরাতে প্রবেশের জন্য ভিসা পদ্ধতি সহজ হবে বলে বাংলাদেশ আশা করে।’
হাসানুল হক ইনু এ সময় দুই দেশের মধ্যে তথ্য ও সংবাদ আদান-প্রদান বৃদ্ধির মাধ্যমে দুই দেশের জনগণের সম্পর্কোন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন।
রাষ্ট্রদূত ড. সাঈদ গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তিসহ আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের দ্রুত উন্নয়নের প্রশংসা করেন এবং উন্নয়ন ও সন্ত্রাস দমনে দুই দেশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।