সেবা ডেস্ক: ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর মঙ্গলবার পদত্যাগ করেছেন। একই সাথে বিসিসিআই সূত্রে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সাথে থাকা সকল পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। আগামী মাসে আইসিসির গভর্নিং বডির বোর্ড মিটিংয়ে আবারও সংস্থাটির প্রধান বা চেয়ারম্যান নির্বাচিত হতে চান মনোহর। এই কারণেই তার পদত্যাগ।
গত বছর তখনকার বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া মারা যান। এরপর অক্টোবরে বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হন মনোহর। ৫৯ বছরের মনোহরের জন্য এটি ছিল দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের দায়িত্ব পালন। তখন আইসিসিরও চেয়ারম্যান হন তিনি। কিন্তু আইসিসি পুরনো নিয়মে ফিরে গেছে। সেই নিয়মে সংস্থাটির চেয়ারম্যান কোনো বোর্ডের কোনো পদে থাকতে পারবেন না। এই কারণেই পদত্যাগ মনোহরের। আইসিসির প্রধানের দায়িত্বের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৩ মে। ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইসিসির কাছে চেয়ারম্যান পদে মনোহরের নাম প্রস্তাব করতে হবে।
মনোহরের পদত্যাগে এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো বিসিসিআই এর প্রধানের পদ শূন্য হয়ে গেলো। এখন বোর্ডের সচিব অনুরাগ ঠাকুরকে দুই সপ্তাহের মধ্যে বোর্ডের বিশেষ সাধারণ সভা ডাকতে হবে। সেখান থেকে নতুন বোর্ড প্রেসিডেন্ট নির্বাচন করবে বোর্ড। ২০১৭ সালের বার্ষিক সাধারণ সভা পর্যন্ত দায়িত্ব পালন করবেন নতুন প্রেসিডেন্ট।