সেবা ডেস্ক: বিকাশের মাধ্যমে প্রতারণার দায়ে জহিরুল ইসলাম (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে বুধবার দুপুরে জহিরুলকে আটক করা হয়।
আটক জহিরুল ইসলাম ফরিদপুরের ভাঙ্গা থানার পাতরাইল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) শেখ হাজ্জাজ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাশের মাধ্যমে কোনো গ্রাহকের অ্যাকাউন্টে টাকা যাওয়ার সাথে সাথে হ্যাক করে ওই টাকা হাতিয়ে নেয় চক্রটি। সংঘবদ্ধ ওই চক্রের বিশাল গ্রুপের সদস্য এই জহিরুল ইসলাম। চান্দনা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয় তাকে। এ সময় নগদ ৫০ হাজার টাকা ও একটি ডায়েরি জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভুরুলিয়ায় তার ভাড়া বাড়ি থেকে অর্ধশতাধিক মোবাইল সিম কার্ড ও ৪ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়। শিগগিরই এ চক্রের হোতাদেরও আটক করা সম্ভব হবে।