সেবা ডেস্ক: আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশ থেকে তুরস্কের রাষ্ট্রদূত প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশ কিছু জানে না বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব (দ্বিপাক্ষিক) মিজানুর রহমান।
বৃহস্পতিবার বিকেলে তিনি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, তুরস্কের নেওয়া পদক্ষেপের বিষয়ে জানানোর মতো কোনো তথ্য আমার কাছে নেই। আমার কাছে তথ্য আসলে জানিয়ে দেব।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওযটুককে ফিরিয়ে নিয়েছে তুরস্ক সরকার।
তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এরদোয়ানকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে নিজামীর ফাঁসিতে ক্ষোভ জানিয়ে বলে, ‘আমরা এ রায়ের তীব্র বিরোধিতা জানাই। আমরা বিশ্বাস করি না, নিজামীর এমন শাস্তি হওয়া উচিত ছিল।’
১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে বুধবার প্রথম প্রহরে (মে ১১, রাত ১২ টা ১০ মিনিটে) মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
বাংলাদেশ যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার পর থেকে যেসব দেশ এর বিরুদ্ধে অবস্থান নেয় তুরস্ক তার অন্যতম।
এর আগে, জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে যেন ফাঁসির দণ্ড দেওয়া না হয়, তার অনুরোধ জানিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে চিঠি লিখেছিলেন তুরস্কের সাবেক প্রেসিডেন্ট আহমেত গুল। এদিকে মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়ার প্রতিবাদে তুরস্কে কয়েকটি বিক্ষোভও হয়।
তুরস্ক ও পাকিস্তানসহ কয়েকটি দেশ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারের মান নিয়ে প্রশ্ন তুলেছে। তবে বাংলাদেশ সরকার এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
একটি তুর্কি নিউজ ওয়েবসাইট আনাডুলু খবর দিচ্ছে, ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওযটুককে শলাপরামর্শ করার জন্য আঙ্কারায় ডেকে পাঠানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে এই নিউজ সাইটের খবরে বলা হয়, ‘রাষ্ট্রদূত ডেভরিম ওযটুক বৃহস্পতিবার আঙ্কারায় পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।’
এর আগে বুধবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ফাঁসির দণ্ডের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কাছে চিঠি লিখে বলে খবরে উল্লেখ করা হয়।