সেবা ডেস্ক: এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের তুলনায় পাসের হার কিছুটা বাড়লেও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০ বোর্ডে গড় পাসের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ। গত বছর গড় পাসের হার ছিল ৮৭ দশমিক ০৪ শতাংশ। এবার পাসের হার ১ দশমিক ২৫ শতাংশ বেড়েছে।
মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ জন। গত বছর এ সংখ্যা ছিল এক লাখ ১১ হাজার ৯০১ জন। এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২ হাজার ১৪০ জন।
গণভবনে বুধবার (১১ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তরের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৮৮ দশমিক ৭০ শতাংশ, মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ২২ ও কারিগরি বোর্ডে ৮৩ দশমিক ১১ শতাংশ।’
গত বছর আট বোর্ডে পাসের হার ছিল ৮৬ দশমিক ৭২, মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ২০ ও কারিগরি বোর্ডে ৮৩ দশমিক ০১ শতাংশ।
শিক্ষামন্ত্রী জানান, দেশের ৮টি সাধারণ শিক্ষাবোর্ডে এসএসসিতে এবার ১৩ লাখ ২৮৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। পাস করেছে ১১ লাখ ৫৩ হাজার ৩৬৩ জন। মাদ্রাসা বোর্ডে ২ লাখ ৪৬ হাজার ৩৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ লাখ ১৭ হাজার ৩১৪ জন। কারিগরি বোর্ডে ৯৮ হাজার ৫৮১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮১ হাজার ৯২৮ জন।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৯৬ হাজার ৭৬৯ জন। মাদ্রাসা বোর্ডে ৫ হাজার ৮৯৫ ও কারিগরি বোর্ডে ৭ হাজার ৯৭ জন জিপিএ-৫ পেয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
এবার ছাত্রদের তুলনায় ছাত্রীরা শূন্য দশমিক ১৯ শতাংশ বেশি পাস করেছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘পাসের হার ছাত্রদের ৮৮ দশমিক ২০ ও ছাত্রীদের ৮৮ দশমিক ৩৯ শতাংশ।’
নাহিদ বলেন, ‘বিদেশের আটটি পরীক্ষা কেন্দ্রে ৩৯৫ জন পরীক্ষা দিয়ে ৩৫৭ জন পাস করেছে। সেখানে পাসের হার ৮৯ দশমিক ৩৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১২ জন।’
এবার ৪ হাজার ৭৩৪টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে জানিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘গত বছরের তুলনায় এবার ফলাফলে ইতিবাচক পরিবর্তন হয়েছে।’
শিক্ষায় আমাদের উন্নতি ঘটছে, মান বৃদ্ধি দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, ‘কেউ কেউ প্রশ্ন তুললেও দেখা যাচ্ছে এটা সঠিক নয়, হয়তো যে মান আমাদের অর্জন করা উচিত সেটা অর্জনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। সেটা একদিনে হওয়ার নয়।’
তিনি বলেন, ‘কাগজ ছাড়াই এবার ফলাফল সব শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে যাবে। এটাই ডিজিটাল বাংলাদেশ।’
এরপর সকাল সোয়া ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উপস্থিতিতে আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেন।
দুপুর ১টায় শিক্ষামন্ত্রী সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তাত্ত্বিক বা লিখিত পরীক্ষা শেষ হয় ১০ মার্চ।
যেভাবে ফল পাওয়া যাবে
সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে ফল জানতে পারবেন। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ছাড়াও www.educationboardresults.gov.bd ঠিকানায় ফলাফল পাওয়া যাবে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।
মোবাইল থেকে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে পরীক্ষার নাম (ssc/dakhil) লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে ফলাফল জানানো হবে।
১২ থেকে ১৮ মে উত্তরপত্র পুনঃনীরিক্ষণের আবেদন
এসএসসি বা সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনঃনীরিক্ষণের জন্য ১২ থেকে ১৮ মে পর্যন্ত আবেদন করা যাবে। ঢাকা শিক্ষাবোর্ড থেকে জানা গেছে, টেলিটক প্রি-পেইড মোবাইল দিয়ে ফল যাচাইয়ের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে আরএসসি (RSC) লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এ ক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি দিতে হবে। ফিরতি এসএমএস এ আবেদন ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে।
আবেদনে সম্মত থাকলে ম্যাসেজে গিয়ে আরএসসি (RSC) লিখে স্পেস দিয়ে ইয়েস (YES) লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে নিজ মোবাইল ফোন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
যেসব বিষয়ে দুটি পত্র (বাংলা ও ইংরেজি) রয়েছে সেসব বিষয়ে একটি বিষয় কোডের (বাংলার জন্য ১০১, ইংরেজির জন্য ১০৭) বিপরীতে দুটি পত্রের জন্য আবেদন হিসেবে গণ্য হবে এবং আবেদন ফি হিসেবে ২৫০ টাকা লাগবে। একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। এ ক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে কমা দিয়ে লিখতে হবে।