সেবা ডেস্ক: ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের একটি রেকর্ড বর্তমানে হুমকির মুখে। আর সেই হুমকি আসছে ইংলিশ ব্যাটসম্যান অ্যালিস্টার কুকের কাছ থেকে। চলতি মাসেই হয়তো রেকর্ড বুক থেকে শচীনের নাম মুছে দেবেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক।
সবেচেয়ে কম বয়সে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান করার রেকর্ডটি বর্তমানে শচীন টেন্ডুলকারের দখলে। ২০০৫ সালের মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে এক টেস্ট ম্যাচে এই মাইলফলক ছুঁয়েছিলেন ভারতের লিটল মাস্টার। তখন শচীনের বয়স ছিল ৩১ বছর ১০ মাস।
চলতি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হচ্ছে ইংল্যান্ডের। দুর্দান্ত ফর্মে থাকা অ্যালিস্টার কুকের টেস্টে বর্তমান রান সংখ্যা ৯,৯৬৪ (২৮ সেঞ্চুরি ও ৪৭ হাফ সেঞ্চুরিসহ)। ফলে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে আর মাত্র ৩৬ রান প্রয়োজন কুকের।
গত বছর ২৫ মার্চ ৩১ বছর পূর্ণ হয়েছে কুকের। ফলে চলতি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি যখন মাঠে নামবেন তখন ইংলিশ দলপতির বয়স হবে ৩১ বছর ৫ মাস।
দারুণ ফর্মে থাকা কুকের জন্য ৩ টেস্টের আসন্ন এই সিরিজে ৩৬ রান করা খুব কষ্টসাধ্য বিষয় হওয়ার নয়। আর তা করতে পারলেই শচীনের চেয়ে ৫ মাস কম বয়সেই টেস্টে ১০ হাজার রানের রেকর্ডটির মালিক হয়ে যাবেন তিনি।