সেবা ডেস্ক: নতুন বেতন কাঠামোতে এপ্রিল মাসের সঙ্গে আরো ৮ মাসের বকেয়া পাচ্ছেন এমপিওভুক্ত (সরকারি বেতন-ভাতার অংশ) শিক্ষক-কর্মচারীরা।শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মার্চ মাস থেকে নতুন স্কেলে বেতন পেতে শুরু করেছেন। এখন গত বছরের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসের বকেয়া পরিশোধ করা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তে উল্লাস প্রকাশ করেছেন শিক্ষকরা। পটুয়াখালীর জেলার দশমিনার থানার বিবি আয়শা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল গাফফার টেলিফোনে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘একসঙ্গে বেশ কিছু টাকা পাওয়া যাবে। আমরা অত্যন্ত আনন্দিত। এতদিনের কষ্ট ভুলে গেছি।’
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রায় ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীর এপ্রিল মাসের বেতনের সরকারি অংশ হিসেবে ৯৪০ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকা এবং ৮ মাসের বকেয়া হিসেবে ২ হাজার ৬৬১ কোটি ৭৪ লাখ ২৪ হাজার টাকা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর মাধ্যমে পাঠানো হচ্ছে। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ নিজ নিজ ব্যাংক একাউন্টের মাধ্যমে এ টাকা উত্তোলন করতে পারবেন।
বেতন কাঠামোর মূল বেতনের পুরোটাই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পেয়ে থাকেন সরকারের কাছ থেকে। সঙ্গে কিছু ভাতাও পান। নতুন বেতন কাঠামোর প্রায় সব গ্রেডেই বেতন বেড়ে দ্বিগুণ হয়েছে।