সেবা ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে পরবর্তী জেরার জন্য ১৯ মে দিন ধার্য করেছেন আদালত।
ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার বৃহস্পতিবার আসামি পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।
বৃহস্পতিবার (১২ মে) তারেক রহমানের পক্ষে বাদীকে জেরা করার দিন ধার্য ছিল। তারেকের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম পারিবারিক কাজে ব্যস্ত থাকায় আদালতে হাজির হতে না পারায় জেরা পেছানোর জন্য সময়ের আবেদন করেন। তার পক্ষে আবেদনটি করেন তারেকের অপর আইনজীবী সানাউল্লাহ মিয়া।
এদিন বেগম খালেদা জিয়া আদালতে হাজির হতে না পারায় অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া তার পক্ষে হাজিরা দাখিল করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন— মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।