সিম নিবন্ধনে প্রবীণদের জন্য বিশেষ ব্যবস্থা

Seba Hot News
সিম নিবন্ধনে প্রবীণদের জন্য বিশেষ ব্যবস্থাসেবা ডেস্ক: 
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের শেষ দিনে (৩১ মে) সিনিয়র সিটিজেনদের (ষাট ও ষাটোর্ধ্ব বয়সের প্রবীণ) জাতীয় পরিচয়পত্রের সমস্যা সমাধানে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার।
ওই দিন সকালে থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রবীণরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রকল্পের আঞ্চলিক ও কেন্দ্রীয় অফিসে অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন। এ ছাড়া ১৬১০৩ নম্বরে ফোন দিয়ে জেনে নিতে পারবেন সমস্যা সমাধানে কোথায় যেতে হবে।
সচিবালয়ে রবিবার (২৯ মে) বায়োমেট্রিক পদ্ধতিতে সিম-রিম রি-রেজিষ্ট্রেশন কার্যক্রমের সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ সব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) ও জাতীয় পরিচয়পত্র প্রকল্প এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় মিলে একটি সিদ্ধান্ত নিয়েছি। ৩১ মে নিবন্ধনের শেষ দিনে সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত আমারা সিনিয়র সিটিজেনদের অগ্রাধিকার দেব। অনেক ক্ষেত্রেই বয়সের কারণে তাদের আঙ্গুলের ছাপ মেলেনি। সমস্যা সমাধানের জন্য আমরা প্রথম আধা বেলা তাদের (সিনিয়র সিটিজেন) জন্য রেখে দিচ্ছি। এনআইডির ৫১৪টি আঞ্চলিক ও রাজধানীর আগারগাঁওয়ের অফিসে এসে তারা সমস্যা সমাধান করতে পারবেন।’
সিনিয়র সিটিজেনসহ নাগরিকরা জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত, আঙ্গুলের ছাপ না মেলার সমস্যার সমাধান কোন অফিসে গিয়ে করবেন তা ১৬১০৩ নম্বরে ফোন দিয়ে জেনে নিতে পারেন বলেও জানান তারানা হালিম।
গত বছরের ১৬ ডিসেম্বর দেশে আঙ্গুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু হয়। তখন নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয় ৩০ এপ্রিল। পরে এ সময় ৩১ মে পর্যন্ত বর্ধিত করা হয়।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন, এবার সিম পুনঃনিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। শনিবার (২৮ মে) পর্যন্ত ১০ কোটি ৯ লাখ সিম পুনঃনিবন্ধন হয়েছে।
বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ব একটিসহ মোট ছয়টি মোবাইল ফোন অপারেটর রয়েছে। বিটিআরসির এপ্রিল মাসের তথ্য অনুযায়ী, দেশে মোট মোবাইল ফোন গ্রাহক ১৩ কোটি ১৯ লাখ ৪৯ হাজার।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান