সেবা ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থার লোকদের উঠাবসা আছে, এটা শতভাগ সত্য।
তিনি বলেন, বর্তমান সরকার ভারতের স্বার্থে কাজ করছে। তাই ভারতের দালালদের প্রত্যাখ্যান করতে হবে এবং যারা দেশের স্বার্থে কাজ করে তাদের গ্রহণ করতে হবে।
রাজধানীর পল্টনে ফটোজার্নালিস্ট এসোসিয়েশনে রবিবার দুপুরে ‘ঐতিহাসিক ফারাক্কা লং সার্চ স্মরণে ও পানি আগ্রাসনের’ প্রতিবাদে গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) আয়োজন করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন ‘নিজের ঘরে ইহুদি রেখে অন্যর ঘরে ইহুদি খোঁজার চেষ্টা করবেন না। আপনার পুত্রবধূ তো ইহুদি। তাই আমরা কি বলব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আছে। তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে। আমরা এমনটা চাই না। শুধু বলব কাচের ঘরে থেকে ঢিল ছুড়বেন না।’
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বৈঠকের জের ধরে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি সম্পর্কে তিনি বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি তো নিত্যনৈমিত্তিক ব্যাপার।
ভারতের সঙ্গে কোনো প্রতিবেশী দেশের সম্পর্ক ভালো না এমনটা উল্লেখ করে হান্নান শাহ বলেন, ‘শুধু বাংলাদেশের সরকারের সঙ্গে ভাল সম্পর্ক আছে। কী কারলে সম্পর্ক আছে তা সবাই জানেন। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের অনেক নদীর পানি শুকিয়ে গেছে। বাংলাদেশের কিছু দালালের কারণে আমরা অধিকার বঞ্চিত হচ্ছি। এ সরকার আমাদের অধিকার রক্ষায় কাজ করবে না।’
জাগপার সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টি (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া প্রমুখ।