দরিদ্রদের মাঝে বেগম খালেদা জিয়ার খাবার বিতরণ

Seba Hot News
সেবা ডেস্ক: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীতে দ্বিতীয় দিনের মতো গরীব ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন।
বিএনপির প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি রাজধানীতে তিনদিনের খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করে, আজ ছিল এই কর্মসূচির দ্বিতীয় দিন।
বিএনপির চেয়ারপার্সন আজ মঙ্গলবার বেলা পৌণে ১টায় খিলগাঁও জোড়াপুকুর মাঠের সামনে গরীব ও দুঃস্থদের মধ্যে দ্বিতীয় দিনের মতো খাবার বিতরণ শুরু করেন। এরপর মাদারটেকের আবদুল আজিজ উচ্চ বিদ্যালয়, হাটখোলার অভিসার সিনেমা হলের সামনে খাবার বিতরণ করেন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বেগম খালেদা জিয়া এদিন গেন্ডারিয়া কাঠের পুল, দোলাইপাড়, যাত্রাবাড়ীর দয়াগঞ্জ, জুরাইন আলম মার্কেট, শ্যামপুর ঈদগাহ মাঠসহ মোট ১০টি স্পটে দুঃস্থ ও গরিবদের মাঝে খাবার বিতরণ করেন।
এদিকে দ্বিতীয় দিনের মতো খাবার বিতরণ শেষ করে আজ বিকেলে সাড়ে তিনটার দিকে বেগম খালেদা জিয়া দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আসেন এবং সেখানে কিছু সময় অবস্থান করেন। দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি প্রধান এসে পৌঁছালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম-মহাসচিব তাঁকে স্বাগত জানান। বিএনপি চেয়ারপার্সন গতকালও দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে কিছু সময়ের জন্য এসেছিলেন।
গরিব ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান, খিলগাঁও থানার সভাপতি ইউনুস মৃধা, বিএনপি নেতা হাবিবুর রশীদ হাবিবসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান